নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবার দেশীয় গোরুর প্রজাতি সংরক্ষণে সাফল্য এল উত্তরাখণ্ডে। আইভিএফ পদ্ধতিতে জন্ম হল বাছুর ‘বদ্রি’র। একটি বদ্রি প্রজাতির গোরুর ভ্রূণ সাহিওয়াল নামে ভিন্ন এক প্রজাতির গাভীর জরায়ুতে প্রতিস্থাপনের পর এই বাছুরের জন্ম হয়েছে। কার্নালের আইসিএআর-ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট এবং পন্থনগরের জিবি পন্থ ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির যৌথ গবেষণায় এটি সম্ভব হয়েছে। যার ফলে আগামীদিনে উন্নত প্রজনন প্রযুক্তি ব্যবহার করে দেশীয় গবাদি পশুর বৃদ্ধি, সংরক্ষণ এবং জিনগত উন্নয়ন সম্ভব। মথুরার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পশু চিকিৎসা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ অভিজিৎ মিত্র বলেন, এটি একটি অসাধারণ আবিষ্কার। ২০১৬ সালে বদ্রি নামে প্রজাতির গোরুকে দেশীয় প্রজাতির বলে ন্যাশনাল ব্যুরো অব অ্যানিম্যাল জেনেটিক রিসোর্সসেসে (এনবিএজিআর) নথিভূক্ত করা হয়েছিল। আগে এটি কুমায়ুন এবং গাড়োয়াল অঞ্চলে পাহাড়ি গোরু নামে পরিচিত ছিল। পরে উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামের নামে নাম দেওয়া হয়।



