নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে পাঁচ আইনজীবীর নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। শনিবার তাঁদের মধ্যে তিন জনের নামে সিলমোহর দিল কেন্দ্রীয় আইনমন্ত্রক। তাঁরা হলেন স্মিতা দাস দে, ঋতব্রতকুমার মিত্র এবং ওম নারায়ণ রাই। এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল সমাজ মাধ্যমে পোস্ট করেও এই নিয়োগের বিষয়টি জানিয়েছেন। পোস্টে উল্লেখ, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে এই তিনজনের নামে সবুজ সঙ্কেত দিয়েছে। এঁরাই কলকাতা হাই কোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন। কলকাতা হাইকোর্টে বিচারপতিদের ঘাটতি নিয়ে উষ্মা প্রকাশ করছিল আইনজীবী সংগঠনগুলি। বর্তামানে হাইকোর্টে ৪৪ জন বিচারপতি রয়েছেন।



