Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছ’বছর আগের হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

ছ’বছর আগে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তিনটি খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। ২০১৯ সালে তিন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

ছ’বছর আগের হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছ’বছর আগে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তিনটি খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। ২০১৯ সালে তিন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেজন্য মামলা দায়ের হয় হাইকোর্টে। দীর্ঘ শুনানির পর সোমবার বিচারপতি জয় সেনগুপ্ত সিবিআইকে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে এই ঘটনায় নাম জড়িয়েছিল একসময়ের সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহানের। 

Advertisement

২০১৯ সালের ৮ জুন সন্দেশখালির ভাঙ্গিপাড়া এলাকার বাসিন্দা প্রদীপ মণ্ডলের বাড়িতে একদল সশস্ত্র দুষ্কৃতী হামলা চালিয়েছিল বলে অভিযোগ। প্রদীপ ছিলেন পরিবারের মেজ ছেলে। তাঁকে তাড়া করে নিয়ে গিয়ে গুলি মেরে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের। প্রদীপের তুতো ভাই সুকান্তের বাড়িতেও দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল। একই কায়দায় তাঁকেও গুলি করে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ। সন্দেশখালিরই অপর এক বাসিন্দা দেবদাস মণ্ডলকেও ওইসময় খুন করা হয়েছিল বলে অভিযোগ। প্রদীপ, দেবদাস এবং সুকান্ত এই তিনজনই এলাকার বিজেপি কর্মী ছিলেন বলে দাবি পরিবারের। এই তিনটি খুনের মামলার প্রাথমিক চার্জশিটে নাম ছিল শাহজাহানের। কিন্তু পরে সিআইডির হাতে তদন্তভার গেলে চার্জশিট থেকে তাঁর নাম বাদ যায় বলে অভিযোগ পরিবারের। এমনকী, ২০২২ সালে অপর একটি খুনের মামলাতেও চার্জশিটে শাহজাহানের নাম উঠে এসেছিল। কিন্তু পরে ওই মামলায় তিনি জামিন পেয়ে যান। সিআইডি তদন্তে চার্জশিট থেকে শেখ শাহজাহানের দাম বাদ পড়ায় সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় মণ্ডল পরিবার। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলার দীর্ঘ শুনানি হয়। এরপর রায়দান করে বিচারপতি এদিন জানান, সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে সিট গঠন করে এই মামলার তদন্ত ফের শুরু করতে হবে। - ফাইল চিত্র

সম্পর্কিত সংবাদ