লখনউ: উত্তরপ্রদেশের লখনউয়ে বারান্দা থেকে পড়ে এক কাফে মালিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম শিবা শর্মা। শুক্রবারের এই ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে মৃতের পরিবার। ছেলের মৃত্যুর জন্য প্রেমিকা শ্রদ্ধা দুবেকে দায়ী করেছেন শিবার মা রঞ্জনা। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শ্রদ্ধার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিল শিবা। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই কাফে মালিকের উপর অমানবিক অত্যাচার চালাচ্ছিল শ্রদ্ধা। অশ্লীল ভিডিয়ো ভাইরাল করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করত ওই তরুণী। পরিবারের সন্দেহ, শিবাকে বারান্দা থেকে ঠেলে ফেলে দেওয়া হয়। ঘটনায় শ্রদ্ধা, তার বোন রশ্মি, গাড়িচালক দানিশ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।
অভিযোগে রঞ্জনা জানান, শুক্রবার রাত ৯টা নাগাদ তাঁকে ফোন করে শ্রদ্ধা। সে জানায়, বারান্দা থেকে পড়ে গিয়েছে শিবা। জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ পরে ফের ফোন করে গাড়িচালকের নম্বর দেয় ওই তরুণী। তড়িঘড়ি নির্দিষ্ট হাসপাতালে পৌঁছান রঞ্জনা। সেখানে যেতেই একটি বেসরকারি অ্যাম্বুলেন্স দেখতে পান তিনি। ভিতরে ছিল শিবা। অ্যাম্বুলেন্সের পাশেই ছিল শ্রদ্ধার গাড়িচালক দানিশ। অভিযোগ, দুর্ঘটনার কারণ জানতে চাওয়ায় কিছু না বলেই চলে যায় ওই যুবক। কিছুক্ষণ পর ভিতরে নিয়ে গেলে চিকিৎসকরা শিবাকে মৃত ঘোষণা করেন। রঞ্জনার দাবি, গত চারমাস ধরে শিবাকে ব্ল্যাকমেল করছিল শ্রদ্ধা। এখানেই শেষ নয়। শিবাকে রীতিমতো মারধর করা হত বলে অভিযোগ। লাগাতার মানসিক ও শারীরিক অত্যাচারের জেরে সম্পর্ক নিয়ে চাপে ছিল ওই কাফে মালিক। সম্পর্কে থেকে বেরিয়ে আসতে চাইলে রীতিমতো হুমকি দিত ওই তরুণী। এফআইআরে শিবার মৃত্যুর তিন সপ্তাহ আগের একটি ঘটনার কথাও উল্লেখ করেছেন রঞ্জনা।



