Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

ব্যাটিং ও বোলিংয়ে বিপর্যয়! দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার ভারতের

ব্যাটিং ও বোলিংয়ে বিপর্যয়! দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার ভারতের
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সিডনি, ৮ ডিসেম্বর: ইনিংসে হার বাঁচালেও লজ্জা ঢাকতে ব্যর্থ হলেন ভারতীয় ব্যাটার ও বোলাররা। ‘অভিশপ্ত’ অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে জয়ের স্বাদ পেল না ভারতীয় শিবির। ব্যাটিং ও বোলিংয়ে প্যাট কামিন্সদের দুরন্ত পারফরমেন্সের জেরে মুখ থুবড়ে পড়লেন রোহিত শর্মারা। ফের এক লজ্জার হার দেখল দেশবাসী। ক্রিকেটে কামব্যাক করতে দক্ষ অস্ট্রেলিয়া। তাদের জুরি মেলা ভার। আর আজ, রবিবার সেটাই ফের প্রমাণ করে দিল ডনের দেশের ছেলেরা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্টে হেরে চূড়ান্ত সমালোচিত হয়েছিলেন রোহিত শর্মারা। সেই সমালোচনার জবাব পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে জিতে দেয় ভারত। কিন্তু দ্বিতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয়ে অজিদের কাছে হারতে হল গৌতম গম্ভীরের ছেলেদের। দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে নাজেহাল অবস্থা হল রোহিতদের। আজ, রবিবার অ্যাডিলেডে পিঙ্ক বলের টেস্টে তৃতীয় দিনেই ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে পিঙ্ক বলের টেস্টে খেলতে নেমে প্রথম ইনিংসেই মুখ থুবড়ে পড়ে ভারতের ব্যাটিং। মিচেল স্টার্কের দুরন্ত বোলিংয়ের সামনে কার্যত অসহায় দেখায় বিরাট-রোহিতদের। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৮০ রানে। জবাবে ব্যাট করতে নেমে ট্রাভিস হেড একাই করেন ১৪০ রান। তাঁকে যোগ্য সঙ্গ দেন লাবুশানে(৬৪)। তাঁদের কাঁধেই ভর করে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৩৩৭ রানে। তখনই বোঝা যাচ্ছিল দ্বিতীয় টেস্ট ভারতের হাতছাড়া হয়ে যাচ্ছে। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ফের সেই ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারা সামনে চলে আসে ভারতের। এবারে প্যাট কামিন্সের সামনে কার্যত আত্মসমর্পণ করে দেন বিরাট-শুভমানরা। কোনওরকমে ইনিংসে হার বাঁচান নীতিশ কুমার রেড্ডি(৪২)। যদিও ইনিংসে হার থেকে দলকে বাঁচাতে পারলেও জয়ের স্বাদ দিতে ব্যর্থ হন তিনি। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৭৫ রানে। অস্ট্রেলিয়ার সামনে টার্গেট ছিল মাত্র ১৯ রানের। আর সেই রান মাত্র কয়েক মিনিটেই করে দেন অজিদের দুই ওপেনিং ব্যাটার উসমান খোয়াজা ও ম্যাকসুইনি। প্রথম ইনিংসে মিচেল স্টার্কের পর বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে অজি শিবিরে অক্সিজেন জুগিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। ৫৭ রান দিয়ে ৫ উইকেট তোলেন তিনি।  ৬০ রান দিয়ে ২ উইকেট মিচেল স্টার্কের ঝুলিতে। স্কট বোল্যান্ডের ৩ উইকেট ৫১ রানে। ম্যাচের সেরা হলেন ট্রাভিস হেড। এদিকে রোহিতদের ব্যর্থতা নিয়ে ফের একবার কাঁটাছেড়া শুরু হয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে পিঙ্ক বল টেস্টের জন্য এখনও তৈরি নয় ভারত। তাই এহেন খারাপ ফল করেছেন রোহিত শর্মারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে গেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ ভারতের কাছে। তাই তৃতীয় টেস্টে অজিদের কীভাবে জবাব দেয় গম্ভীরের ছেলেরা সেটাই দেখার।
Advertisement
সম্পর্কিত সংবাদ