নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম ইনিংসে হরিয়ানাকে ১৫৭ রানে অলআউট করে আশা জাগিয়েছিল বাংলা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ লক্ষ্মীরতন শুক্লার দল। ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১২৫ রানে গুটিয়ে গেল বঙ্গ-ব্রিগেড। দ্বিতীয় দিনের শেষে হরিয়ানা দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে তুলে ফেলেছে ১৫৮। আপাতত ১৯০ রানে পিছিয়ে থাকা হোম টিম রীতিমতো চাপে।
Advertisement
কল্যাণীতে ১ উইকেটে ১০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলা। কিন্তু ঘরের মাঠে প্রতিপক্ষের থেকেও করুণ অবস্থা লক্ষ্মী-ব্রিগেডের। হরিয়ানার অনুজ ঠাকরাল (৬-৩১), সুমিত কুমারদের (২-১৫) দাপটে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে তারা। দেড়শোর গণ্ডিও টপকাতে ব্যর্থ অনুষ্টুপ মজুমদারের দল। অভিষেক পোড়েল (৩১), অঙ্কিত চ্যাটার্জি (২৯), সুদীপ ঘরামি (২০)— কেউই বড় রান পাননি। হরিয়ানার পেসার অনুজ একাই ধস নামান। সঙ্গতে ছিলেন সুমিত কুমার। উইকেট পান অংশুল কম্বোজ, অজিত চাহালও। ৩২ রানের মূল্যবান লিড পায় সফরকারী দল।



