Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

সামশেরগঞ্জের বাড়িতে অগ্নিদগ্ধ বাইরন বিশ্বাস

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। সামশেরগঞ্জের নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। শনিবার তাঁর বাড়িতে আগুন লাগে।

সামশেরগঞ্জের বাড়িতে অগ্নিদগ্ধ বাইরন বিশ্বাস
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। সামশেরগঞ্জের নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। শনিবার তাঁর বাড়িতে আগুন লাগে। সেই আগুনেই অগ্নিদগ্ধ হয়েছেন ঋতব্রতপন্থী গণতান্ত্রিক তৃণমূলের এই বিধায়ক। কী করে তাঁর বাড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বিধায়কের হাত এবং শরীরের বেশ কয়েক জায়গা অগ্নিকাণ্ডে গুরুতর জখম হয়েছে। পরিবারের লোকজন এবং স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি ধুলিয়ানে তাঁর নিজের হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। গণতান্ত্রিক তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, অত্যন্ত বাজে একটা ঘটনা ঘটেছে। কীভাবে আগুন লাগল, সেটা আমরা কেউই বুঝতে পারছি না। বাড়ির একটি নির্দিষ্ট দিকে আগুন লেগেছে বলে খবর পেলাম। তাতেই বিধায়ক জখম হয়েছেন। খবর পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Advertisement

ধুলিয়ানে একবারে রাস্তার উপরেই বাইরনের বিশাল বাড়ি। চারিদিক উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। বাইরে থেকে ঢোকা সহজ নয়। এদিন সকালে গলগল করে ধোঁয়া বের হচ্ছে দেখে স্থানীয়রা ছুটে যান। বাড়ির লোকজনই পুলিশ এবং দমকল বিভাগে খবর দেন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিধায়ককে উদ্ধার করা হয়। 
ধুলিয়ানের বাড়িতেই বিড়ির ব্যবসা রয়েছে বাইরনের। সেই বাড়িতেই আগুন লাগে এদিন সকালে। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে বাইরন নিজে আগুন লাগিয়েছেন, নাকি অন্য কেউ বাড়িতে আগুন দিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। জানা গিয়েছে, কয়েকদিন ধরে অশান্তিতে ছিলেন বিধায়ক। সেই কারণে, নাকি অন্য কোনো কারণ থেকে এই ঘটনা, তা নিয়ে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, বিধায়কের দেহ ২০ থেকে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। বাড়ির দোতলা ঘরের দু’টি রুমে আগুন লেগেছে। সেখানকার অধিকাংশ সামগ্রী পুড়ে গিয়েছে। সেই সময় তাঁর স্ত্রী বাড়িতেই ছিলেন। তাঁর কোনো ক্ষতি হয়নি। বিধায়ক চিকিৎসাধীন রয়েছেন। বিধায়কের এই অবস্থার খবর দ্রুত ছড়িয়ে পরে। কংগ্রেস নেতা তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, ‘বাইরনকে খুব স্নেহ করি। অভিমান থাকলেও কোনো আক্রোশ নেই। বাইরন তাড়াতাড়ি সুস্থ হোক। আমি চিন্তিত। প্রয়োজনে ওকে দেখতে যাব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ