Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

সিঙ্গাপুরে বাইজুস প্রতিষ্ঠাতার ৬ মাস জেল

আদালত অবমাননার অভিযোগ। এজন্য বাইজুসের সহ-প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রনকে ৬ মাসের কারাদণ্ড দিল সিঙ্গাপুরের আদালত।

সিঙ্গাপুরে বাইজুস প্রতিষ্ঠাতার ৬ মাস জেল
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আদালত অবমাননার অভিযোগ। এজন্য বাইজুসের সহ-প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রনকে ৬ মাসের কারাদণ্ড দিল সিঙ্গাপুরের আদালত। তাঁকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশও দিয়েছে। অভিযোগ, ২০২৪ সালে সম্পত্তি সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশ অমান্য করছেন রবীন্দ্রন। এই মামলাতেই তাঁকে সাজা দেওয়া হল। সেইসঙ্গে ৯০ হাজার সিঙ্গাপুর ডলার (প্রায় ৬৮ লক্ষ টাকা) পরিশোধের নির্দেশও দিয়েছে সংশ্লিষ্ট আদালত। এই মামলায় তাঁকে আগামী ১৫ জুন আদালতে হাজির হতে বলা হয়েছে। ২০১৫ সালের মাঝামাঝি বাইজুস নামে একটি অনলাইন এডু-টেক সংস্থা খোলেন রবীন্দ্রন ও তাঁর সহযোগীরা। জয়েন্ট-নিটের মতো পরীক্ষার প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে অনলাইন কোচিং করাত এই সংস্থা। করোনাকালে তা ব্যাপক জনপ্রিয়তা পায়। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও পৌঁছায় বাইজুস। কিন্তু ২০২৪ থেকে সংস্থাটি লোকসানের মুখে পড়ে। বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই করা হয়। এরমধ্যে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি নামে এক সংস্থা বাইজুসে বিনিয়োগ করে। তবে এইসময় রবীন্দ্রনের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ ওঠে। তেমনই এক অভিযোগ সংক্রান্ত মামলায় সিঙ্গাপুরের আদালত তাঁকে সাজা দিয়েছে। রবীন্দ্রন এব্যাপারে তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলি আলোচনার মাধ্যমে একটি সামগ্রিক সমাধানের দিকে এগচ্ছিল। সেজন্য তিনি কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেননি। সব পক্ষ নীতিগতভাবে একে অপরের বিরুদ্ধে মামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছিল। এরইমধ্যে আদালতের এই নির্দেশে তিনি হতাশ। আদালতের নির্দেশ স্থগিত ও পুনর্বিবেচনার জন্য আরজি জানিয়েছেন তাঁর আইনজীবী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ