নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ভোটগণনার দিন হিংসার আশঙ্কা করে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের তরফে মুখ্য নির্বাচনি আধিকারিক, নন্দীগ্রাম উপনির্বাচনের সাধারণ পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক, রিটার্নিং অফিসার-সহ পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার এবং নন্দীগ্রাম ও চণ্ডীপুর থানার আধিকারিকদের চিঠি দেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ, ভোটের দিন কংগ্রেসের নেতা কর্মীদের উপর ‘হিংসাত্মক হামলা’ হয়েছিল। ভোটগণনার দিন সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না-ঘটে, সেজন্য কমিশনের কাছে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছে কংগ্রেস। চিঠিতে বলা হয়েছে, নন্দীগ্রামের রেয়াপাড়ায় শুক্রবার ভোটগণনা হওয়ার কথা। সেখানে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। এদিন নন্দীগ্রাম সহ রেজিনগর উপনির্বাচনেরও ফল ঘোষিত হবে।



