নয়াদিল্লি: ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে শুরুটা ভালোই করলেন পিভি সিন্ধু। সোমবার প্রথম রাউন্ডের ম্যাচে আয়ারল্যান্ডের সোফিয়া নোবলেকে স্রেফ উড়িয়ে দিলেন হায়দরাবাদি তারকা। সিন্ধুর পক্ষে খেলার ফল ২১-৭, ২১-১১। দুরন্ত ছন্দে থাকা সিন্ধু এদিন সোফিয়াকে দাঁড়াতেই দিলেন না। উল্লেখ্য, এই আসরে এর আগে একটি সোনা ও দু’টি করে রুপো এবং ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। ঘরের মাঠে চলতি আসরে সেই সংখ্যা বাড়ানোর সুযোগ রয়েছে ওলিম্পিকসে জোড়া পদকজয়ী তারকার কাছে। এদিন সিন্ধুর খেলা দেখার পর বিশেষজ্ঞদের ধারনা বড়ো ঘটন না ঘটলে শেষ চারে দেখা যাবে সিন্ধুকে। কারণ সেই পথে চীনের ওয়াং ঝি ও ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় তারকার। এই দুই শাটলারের বিরুদ্ধে সিন্ধুর রেকর্ড যথেষ্ট ভালো। পুরুষদের সিঙ্গলসে বিশ্বেসেরা চীনের ওয়াই কিউ সাইকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছালেন আয়ূষ শেঠি। খেলার ফল ২১-১৪, ১৩-২১, ২১-১৯। ডাবলসেও জয় পেলেন হরিহরন-আর্জুন জুটি। তাঁরা ২১-১৬, ২১-৪ ব্যবধানে বশ মানান আয়ারল্যান্ডের রেনল্ডস-স্কট জুটিকে।



