Bartaman Logo
৯ জুন, ২০২৬

ফের পাটনায় ব্যবসায়ী খুন, নীতীশকে নিশানা তেজস্বীর, ডাবল ইঞ্জিন বিহারের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

ভোটের আগে অস্বস্তি বাড়ছে বিহারের ডাবল ইঞ্জিন সরকারের।  গোপাল খেমকার পর ফের দুষ্কৃতীদের নিশানায় আর এক ব্যবসায়ী। শুক্রবার পাটনার রামকৃষ্ণ নগরে ব্যবসায়ী বিক্রম ঝাকে লক্ষ্য করে গুলি করে এক দুষ্কৃতী।

ফের পাটনায় ব্যবসায়ী খুন, নীতীশকে নিশানা তেজস্বীর, ডাবল ইঞ্জিন বিহারের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন
  • ১৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: ভোটের আগে অস্বস্তি বাড়ছে বিহারের ডাবল ইঞ্জিন সরকারের।  গোপাল খেমকার পর ফের দুষ্কৃতীদের নিশানায় আর এক ব্যবসায়ী। শুক্রবার পাটনার রামকৃষ্ণ নগরে ব্যবসায়ী বিক্রম ঝাকে লক্ষ্য করে গুলি করে এক দুষ্কৃতী। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ-বিজেপি সরকারকে নিশানা করেছেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। 
আদতে দ্বারভাঙার বাসিন্দা সঞ্জয় ঝা বছরখানেক আগেই পাটনায় এসেছিলেন। রামকৃষ্ণ নগরে একটি মুদি দোকান চালাতেন তিনি। মোটরবাইকে করে এসে এক ব্যক্তি তাঁকে পরপর গুলি করে। পুলিস সূত্রে খবর, দোকানে ডাকাতির কোনও ঘটনা ঘটেনি। তবে কি ব্যক্তিগত শত্রুতা থেকেই খুন? তদন্ত শুরু করেছে পুলিস। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। 
গত ৪ জুলাই বাড়ির সামনেই খুন করা হয় ব্যবসায়ী তথা বিজেপি নেতা গোপাল খেমকাকে। সেই খুন ঘিরে উত্তাল হয়ে ওঠে বিহারের রাজনীতি। এরপরও রাজ্যে একাধিক খুন,জখম, লুঠ-তরাজের ঘটনা সামনে এসেছে। বিরোধীদের দাবি, কার্যত দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে ডাবল ইঞ্জিনের বিহার। আরজেডি নেতা তেজস্বী বলেছেন, ‘এবার পাটনায় বিক্রম ঝাকে গুলি করে খুন। সরকারের মদতেই চলছে দুষ্কৃতীদের দাপট। মুখ্যমন্ত্রী চুপ কেন? প্রতিদিন এত খুনের দায় কার? ভ্রষ্ট ভুজা পার্টি, উত্তর দিন।’

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ