Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কসবায় গ্রেপ্তার ব্যবসায়ী

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর ভিডিয়ো পোস্ট করার অভিযোগে রঞ্জিত সিং নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ।

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কসবায় গ্রেপ্তার ব্যবসায়ী
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর ভিডিয়ো পোস্ট করার অভিযোগে রঞ্জিত সিং নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার কসবার নস্করহাট এলাকা থেকে তাঁকে ধরা হয়। তাঁর বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা বিনষ্ট করার অভিযোগ এনে মামলা রুজু করেছে থানা। স্থানীয় সূত্রে দাবি, অভিযুক্ত রঞ্জিত আরএসএস-এর সদস্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর সঙ্গে নস্করহাট এলাকার বিজেপির একদল কর্মী ও সমর্থকের বিবাদ চলছিল কিছুদিন ধরে। সেই বিবাদে ‘সনাতন ধর্ম’ নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে। অভিযোগ, ওই ব্যবসায়ী বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে কুৎসিত মন্তব্য করলে বিজেপির ওই গোষ্ঠীর সঙ্গে বিবাদ চরমে ওঠে। শুক্রবার রাতে রঞ্জিত ফেসবুকে ‘সনাতন ধর্ম’ নিয়ে বিভিন্ন পোস্ট করেন। সেখানে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে কুৎসিত মন্তব্যও করেন ওই ব্যবসায়ী। তাঁর সঙ্গে বিরোধে জড়ানো বিজেপি কর্মীদের নজরে আসে সেই পোস্ট। তাঁরা পোস্টটি কপি করে রাখেন। এরপর শনিবার অভিযোগ দায়ের করেন কসবা থানায়। তার ভিত্তিতে পুলিশ ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা বিনষ্ট করার চেষ্টা, অন্তর্ঘাত ও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ সংক্রান্ত ধারায় মামলা রুজু করে। রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত জানিয়েছেন, আসলে অভিযোগকারীরা ওই এলাকার ‘দখল’ চাইছিলেন। এভাবে এলাকা দখলের প্রতিবাদ করেন তিনি। তাঁকে লক্ষ্য করে ধর্ম নিয়ে বিভিন্ন কুকথা বলা হয়। এরপরই তিনি ওই পোস্ট করেন। অভিযুক্তকে রবিবার আলিপুর আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী শুভাশিস ভট্টাচার্য বলেন, ‘অভিযুক্ত ভয়ংকর অপরাধ করেছে। যেখানে ১০ বছর পর্যন্ত শাস্তি হতে পারে।’ সওয়াল শেষে তাঁকে পুলিশ হেপাজতে পাঠায় আদালত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ