Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দিতে উচ্ছেদ আতঙ্কে ব্যবসা লাটে, ঋণ মেটাতে পারছেন না ব্যবসায়ীরা

কান্দিতে উচ্ছেদের আতঙ্কে ফুটপাথ ব্যবসা বন্ধ হয়ে গেছে। ঋণের বোঝা বৃদ্ধি, ব্যবসায়ীরা দুশ্চিন্তায়। বিস্তারিত পড়ুন।

কান্দিতে উচ্ছেদ আতঙ্কে ব্যবসা লাটে, ঋণ মেটাতে পারছেন না ব্যবসায়ীরা
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: উচ্ছেদের আতঙ্কে ফুটপাথের ব্যবসা লাটে উঠেছে। সঠিক সময় মেনে দোকান করা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। আগের মতো খদ্দেরও আর আসছে না। তাই দুশ্চিন্তায় পড়েছেন কান্দি মহকুমার বিভিন্ন এলাকার ফুটপাথ ব্যবসায়ীরা। তার উপর ঋণের বোঝাও চেপে বসছে ব্যবসায়ীদের কাঁধে। মাইক্রো ফিন্যান্স সংস্থা থেকে ঋণ নিয়ে পরিশোধও করতে পারছেন না তাঁরা। ফলে ব্যবসায়ীদের উপর সবদিক থেকেই চাপ আসছে বলে দাবি।

Advertisement

রাজ্যের নতুন সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষের হকার উচ্ছেদ শুরুর পরেই স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠেছে বলে দাবি। ইতিমধ্যেই কান্দি শহরের হাসপাতাল এলাকা থেকে শুরু করে সালার রেল স্টেশন চত্বরে নোটিস দিয়ে উচ্ছেদের কথা জানান হয়েছে। এছাড়াও পুলিশ সালার, ভরতপুর, বড়ঞা, খড়গ্রামের বিভিন্ন এলাকায় ফুটপাথ ব্যবসায়ীদের রাস্তা থেকে সরার নির্দেশ দিয়েছে। এর ফলেই ব্যবসায়ীদের মধ্যে উচ্ছেদের আতঙ্ক তৈরি হয়েছে। বড়ঞার কুলি মোড়ের ফল ব্যবসায়ী মইনুল শেখ বলেন, পুলিশ আসার পর আর ব্যবসা করতে ভালো লাগছে না। শুধু ভাবছি এবার কী করব। ঠিকমতো দোকানও খুলতে পারছি না। পরিবারেও অশান্তি নেমে আসছে।
সালারের রেন্টু শেখ, প্রভাত মণ্ডল, সুরজ শেখরা জানান, বহুবছর ধরে তাঁরা এভাবেই ফুটপথ দখল করে ব্যবসা করছেন। এমনকি, বিভিন্ন মাইক্রো ফিন্যান্স সংস্থা থেকে ঋণ নিয়ে ব্যবসা চালাচ্ছেন। কিন্ত ব্যবসা ডামাডোলের কারণে ঋণ পরিশোধও করতে পারছেন না। 
কান্দির একটি মাইক্রো ফিন্যান্স সংস্থার ফিল্ড অফিসার দীপক মণ্ডলের কথায়, শুধু আমাদের কোম্পানি বলে নয়, কান্দির সব কোম্পানিগুলির ঋণ আদায় কমে গিয়েছে এমাসে। যাঁরা ব্যবসার করার জন্য ঋণ নিয়েছিলেন, তাঁদের অনেকেই পরিশোধ করছেন না।

Advertisement
সম্পর্কিত সংবাদ