দেশে পরপর উৎসবে ৭ লক্ষ কোটির ব্যবসার আশা
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঙালির দুর্গাপুজো দিয়ে যে উৎসবের মরশুম শুরু, তার রেশ চলে দীপাবলি ও দেওয়ালি, ভাইফোঁটা হয়ে ছটপুজো পর্যন্ত। আর এই টানা দেড়মাসের উৎসবই এবারও দেশের বাজারের জন্য লক্ষ্মীলাভের বড়ো সুযোগ হয়ে উঠেছে। কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের হিসাব, নবরাত্রি থেকে দীপাবলি পর্যন্ত এবার দেশজুড়ে প্রায় ৭ লক্ষ কোটি টাকার বেশি ব্যবসা হতে পারে। গতবছর এই ব্যাবসার অঙ্ক ছিল প্রায় ৬ লক্ষ ৫ হাজার কোটি টাকা। গতবারের তুলনায় ব্যবসার বহর প্রায় ১৫ থেকে ১৮ শতাংশ বেশি হওয়ার সম্ভাবনা আছে। গতবছর এইসময়ে পণ্যের ব্যবসা হয়েছিল প্রায় ৫.৪০ লক্ষ কোটি টাকার এবং পরিষেবা খাতে ব্যবসার বহর ছিল প্রায় ৬৫ হাজার কোটি টাকা। সংগঠনটি জানিয়েছে, এই অনুমান দেশের বিভিন্ন রাজ্যের বড়ো বাজার সমিতি, ক্রেতা চাহিদা, উৎসবের কেনাকাটার প্রবণতা এবং গ্রামীণ ও আধা-শহুরে বাজারে বেড়ে চলা চাহিদার ভিত্তিতে তৈরি। দুর্গাপুজোর পর সর্বভারতীয় স্তরে দশেরা, করওয়া চৌথ, ধনতেরাস, দেওয়ালি, গোবর্ধন উৎসব, ভাইদুজ, ছটপুজো, গুরুনানক জয়ন্তী এবং তুলসী বিবাহের মতো উৎসব পরপর থাকায় বাজারে একটানা চাহিদা থাকবে। এর সঙ্গে যুক্ত হবে রামলীলা, দুর্গাপুজোর প্যান্ডেল, গরবা ও ডান্ডিয়া, দীপাবলির সমাবেশ, মেলা, প্রদর্শনী, আবাসন কমপ্লেক্সের অনুষ্ঠান, কর্পোরেট প্রোগ্রাম ও পারিবারিক অনুষ্ঠান, যা সজ্জা, আলো, ফুল, পোশাক, মিষ্টি, খাবার, ক্যাটারিং, পরিবহণ, হোটেল, পর্যটন, ফটোগ্রাফি, ইভেন্ট ম্যানেজমেন্ট, নিরাপত্তা, প্যাকেজিং ও ডেলিভারি পরিষেবার মতো অসংখ্য খাতে সরাসরি ব্যবসা বাড়াবে। কনফেডারেশনের হিসাবে এবার সবচেয়ে বেশি ব্যবসা হবে মুদিখানা ও এফএমসিজি বা ভোগ্যপণ্য খাতে। ভালো ব্যবসা হবে সোনা রুপো ও অন্যান্য গয়না, ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল সামগ্রী, রেডিমেড পোশাক, উপহার সামগ্রী, হোম ডেকর, আসবাবপত্র, মিষ্টি ও নোনতা খাবার, বস্ত্র, পুজোর সামগ্রী, ফল ও শুকনো ফল, বেকারি ও জুতোয়। পরিষেবা খাতে এবার বড়ো উত্থান হবে বলে আশা করা হচ্ছে, গতবছরের ৬৫ হাজার কোটির তুলনায় এবার ২০ থেকে ২৫ শতাংশ বৃদ্ধির পর ৮০ হাজার কোটি থেকে ১ লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে।

Advertisement