নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’বছর আগে ভিন রাজ্যে আলু রপ্তানি আটকাতে বেআইনি কাজ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এমনই অভিযোগ করল ব্যবসায়ীদের সংগঠন। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এ ব্যাপারে সরকারি উদ্যোগে তদন্তের অনুরোধ জানিয়েছে। সংগঠনের অভিযোগ, গত সরকারের সময় ভিন রাজ্যে আলু পাঠানো যাবে না, এমন কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কিন্ত তারপরেও আন্তঃরাজ্য সীমানায় আলুর লরি আটকে দেওয়া হয়। ওই সময় টাকা নিয়ে লরি ছাড়া হয়েছে বলেও অভিযোগ। এক্ষেত্রে তৎকালীন সরকারি শীর্ষকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার জানিয়ে দেয়, ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকবে না। তার জন্য কৃষি বিপণন দপ্তর নির্দেশিকা জারি করে।



