Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কেরোসিনে ইনো মিশিয়ে চলছে বাস বর্ধমান থেকে হুগলিতে পাচার হচ্ছে তেল

বর্ধমান থেকে হুগলিতে কেরোসিন পাচার হচ্ছে বাসে। ধনেখালিতে ৭ জন গ্রেপ্তার, ৫০০ লিটার কেরোসিন উদ্ধার। বিস্তারিত পড়ুন।

কেরোসিনে ইনো মিশিয়ে চলছে বাস বর্ধমান থেকে হুগলিতে পাচার হচ্ছে তেল
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: রেশন দোকানে দেওয়া কেরোসিন তেল চলে আসছে চোরাবাজারে। বর্ধমানের জামালপুর থেকে চোরাপথে পৌঁছচ্ছে হুগলিতে। ব্যবহার হচ্ছে বাসের জ্বালানি হিসাবে। ডিজেলের পরিবর্তে কেরোসিনে চলছে বাস। ধনেখালিতে এই চক্র ধরা পড়েছে। গ্রেপ্তার মূল পান্ডা সহ ৭। 

Advertisement

ধৃতদের নাম সুভাষচন্দ্র বাগ, অলোক জগন্নাথ কর্মকার, নবকুমার ধারা, অষ্ট সাধুখাঁ, সন্তু মৈত্র, অশোক আহেরী, রাজা সাঁতরা। এদের বাড়ি ধনেখালি থানায় দশঘড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দশঘড়ার পূর্বপাড়া এলাকার সুভাষচন্দ্র বাগ একটি হিমঘরে ম্যানেজার হিসাবে কাজ করতেন। তাঁর কাছ থেকে ৩২টি ড্রামে ভর্তি ৫০০ লিটার কেরোসিন উদ্ধার করা হয়েছে। চক্রে জড়িত থাকার অভিযোগে ম্যানেজার অষ্ট সাধুখাঁ সহ ৭জন গ্রেপ্তার। জামালপুরে রেশন দোকানের কেরোসিন সরাসরি চলে যেত হুগলির দশঘরায়। মাঝপথে ইঞ্জিন ট্রলি বদল করে ড্রাম পৌঁছে যেত গন্তব্যে।  এরপর ২০ লিটারের ড্রামে ৪ টি ইনো (গ্যাস অম্বলের ওষুধের পাউডার) মেশানো হত। দাবি, এর ফলে কেরোসিন তেলে চলা বাস বেশি মাইলেজ দিত। আর কেরোসিনের গন্ধ মিলত না। হুগলির কেরোসিনও একইভাবে বিক্রি হচ্ছে বাস চালানোর জন্য। বিধানসভা ভোটের আগে ধনেখালিতে মাটি পাচার চক্রের সঙ্গে নাম জড়িয়ে ছিল অবসরপ্রাপ্ত এক পুলিশকর্মীর। অবৈধ কেরোসিন চক্রের সঙ্গে পুলিশ বা প্রশাসনের কেউ জড়িত কি না তার খোঁজ চলছে। এই ঘটনার পর ধনেখালিতে পুলিশের রদবদল হয়েছে। শুক্রবার ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হলে আদালত ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ