সংবাদদাতা, উলুবেড়িয়া: আবারও দুই বাসের রেষিরেষি। তার জেরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারলে আহত হয়েছেন ১০ জন বাসযাত্রী। এই ধাক্কার জেরে লরিটি সরাসরি নেমে গেল নয়ানজুলিতে। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার শ্মশানতলায়।
শুক্রবার বেলা ১টা নাগাদ এগরা অভিমুখে যাওয়া যাত্রীবাহী বাসটি অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করছিল। শ্মশানতলার কাছে ওই বাসটি আরেকটি বাসকে বাঁ দিক দিয়ে ওভারটেক করতে গেলে সামনে থাকা একটি লরিকে ধাক্কা মারে। বাসের বাঁ দিকের সামনের অংশটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। আহত হন ১০ জন যাত্রী। ধাক্কার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে লরিটিও। সেটি জাতীয় সড়ক ছেড়ে পাশের নয়ানজুলিতে নেমে যায়। উলুবেড়িয়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে।
বাসের যাত্রীদের বক্তব্য, শুধু যাত্রী নয়, বাসের ছাদেও প্রচুর পণ্যসামগ্রী বাঁধা অবস্থায় ছিল। বাসটি অঙ্কুরহাটি পার হওয়ার পর থেকেই অন্য বাসের সঙ্গে রেষারেষি শুরু করে। মোট তিনটি বাস রেষারেষি করছিল। পরস্পর পরস্পরকে ওভারটেক করা চেষ্টা করছিল। আমাদের বাসটিও চলছিল প্রচণ্ড গতিতে। কন্ডাকটর একাধিকবার গতি কমানোর কথা বললেও তাতে কর্ণপাত করেনি চালক। বাসযাত্রীদের অভিযোগ, উলুবেড়িয়ায় আমাদের বাস অন্য একটি বাসকে বাঁ দিক দিয়ে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় সামনে ছিল একটি লরি। বাসটি সরাসরি লরির পিছনে গিয়ে ধাক্কা মারে।
তাঁদের বক্তব্য, দুর্ঘটনার পরেই চালক ও কন্ডাকটর বাস থেকে নেমে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়কে প্রায় প্রতিদিনই রানিহাটি থেকে অঙ্কুরহাটি পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। ফলে বাসগুলিও নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে না। ফলে যানজট পেরনোর পর চালকরা ঊর্ধ্বগতিতে গাড়ি চালায়। ওভারটেকের খেলায় মাতে। তার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এই ঘটনার জেরে জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরিকে আটক করেছে।