Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় সড়কে বাস উল্টে দুর্ঘটনা, জখম প্রায় ২০ জন

হলদিয়ায় ১১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় জখম হলেন প্রায় ২০ জন যাত্রী। সোমবার বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ ব্রজলালচক মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।

জাতীয় সড়কে বাস উল্টে দুর্ঘটনা, জখম প্রায় ২০ জন
  • ১৭ আগস্ট, ২০২৬ ১২:৫৮
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: হলদিয়ায় ১১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় জখম হলেন প্রায় ২০ জন যাত্রী। সোমবার বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ ব্রজলালচক মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদিয়া থেকে মেচেদার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। আচমকাই ব্রজলালচক মোড়ের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।

Advertisement

দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। বাস উল্টে যাওয়ার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে বাসের ভিতরের অংশ দুমরে মুচড়ে যায়। বাসের ভিতরে আটকে থাকা যাত্রীদের বের করে আনা হয়। এরপর আহতদের স্থানীয়দের সহযোগিতায় হলদিয়া বিসি রায় হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় প্রায় ২০ জন যাত্রী জখম হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ৮-৯ জনের আঘাত গুরুতর বলে খবর। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই রাস্তার বিভিন্ন অংশের অবস্থা খারাপ। রাস্তার খানাখন্দের কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে অভিযোগ। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ