


শ্রীনগর, ২০ এপ্রিল: সোমবার জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ গেল ১৫ জনের। ২০ জন আহত হয়েছেন। বাসটি রামনগর থেকে উধমপুরের দিকে যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি রাম নগর এলাকার কাগোর্ট গ্রামের কাছে একটি বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে।
স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, অনেকের অবস্থাই আশঙ্কাজনক। গুরুতর আহতদের আকাশপথে শ্রীনগর বা জম্মুর হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সোমবার উধমপুর জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে সব ধরণের সহায্যের আশ্বাস দিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানান, এই শোকের মুহূর্তে সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে পাহাড়ি রাস্তার বিপজ্জনক বাঁক এবং গতির কারণে নিয়ন্ত্রণ হারানোই সম্ভাব্য কারণ হিসেবে মনে করছে পুলিশ।