Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সেক্টর ফাইভে অ্যাপ বাইকে ধাক্কা বাসের, মৃত্যু তরুণী আইটি কর্মীর, গত ৩ মাসে বিধাননগরে পথ দুর্ঘটনায় মৃত ১৩

ফের পথ দুর্ঘটনা বিধাননগরে! অ্যাপ বাইকে করে অফিস যাওয়ার পথে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক তরুণী আইটি কর্মীর

সেক্টর ফাইভে অ্যাপ বাইকে ধাক্কা বাসের, মৃত্যু তরুণী আইটি কর্মীর, গত ৩ মাসে বিধাননগরে পথ দুর্ঘটনায় মৃত ১৩
  • ৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের পথ দুর্ঘটনা বিধাননগরে! অ্যাপ বাইকে করে অফিস যাওয়ার পথে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক তরুণী আইটি কর্মীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে সল্টলেক সেক্টর ফাইভে। ওই চত্বরেই একটি সংস্থায় কাজ করতেন তিনি। এই নিয়ে গত তিন মাসে বিধাননগর কমিশনারেট এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু বেড়ে দাঁড়াল ১৩! তার মধ্যে দু’জন অ্যাপ বাইক যাত্রী! পুলিশ জানিয়েছে, মৃতার নাম প্রিয়াঙ্কা মিশ্র (৩০)। বাড়ি বর্ধমানে। হলদিয়া-করুণাময়ী রুটের ঘাতক সরকারি বাসটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী কর্মসূত্রে বাগুইআটির কেষ্টপুর এলাকায় ভাড়া থাকতেন। প্রায়ই তাঁর এক বন্ধু তাঁকে সেক্টর ফাইভের অফিস পৌঁছে দিতেন। এদিন তিনি আসতে পারেননি। তা‌ই ওই তরুণী অ্যাপ বাইক বুক করে অফিসে যাচ্ছিলেন। দুর্ঘটনাটি ঘটেছে সেক্টর ফাইভে আরএস সফটওয়ারের রিং রোডের উপর। করুণাময়ীমুখী ওই সরকারি বাসটি আচমকা পিছন দিক থেকে এসে ওই বাইকে ধাক্কা মারে। তরুণী এবং বাইকচালক দু’জনকেই ছিটকে পড়েন। তরুণীর গুরুতর চোট লাগে। তাঁর শরীরের একাংশের উপর দিয়ে বাসের চাকা চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুঃসংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ রাতে সেক্টর ফাইভ চত্বরে নবদিগন্ত ফ্লাইওভারের সামনে ডাম্পারের ধাক্কায় এক অ্যাপ বাইক যাত্রীর মৃত্যু হয়েছিল। তিনি সেক্টর ফাইভে একটি হোটেলে কাজ করতেন। ডিউটি সেরে অ্যাপ বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। নবদিগন্ত ফ্লাইওভার থেকে নেমে ওই অ্যাপ বাইকটি চিংড়িঘাটার দিকে যাচ্ছিল। সেই সময় পিছন দিক থেকে একটি ডাম্পার এসে ধাক্কা মারলে তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত তিন মাসে বিধাননগরে মোট ১২টি পথ দুর্ঘটনা ঘটেছে, যার জেরে মৃত্যু হয়েছে ১৩ জনের। এর মধ্যে সবচেয়ে মানুষ মারা গিয়েছেন নিউটাউনে। এখানে ৯ জনের মৃত্যু হয়েছে। বাকি চারজনের মধ্যে একজন রাজারহাট এবং তিনজন সল্টলেকের।

Advertisement
সম্পর্কিত সংবাদ