Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

সোমবার পদত্যাগ স্টারমারের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন বার্নহ্যাম

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার পদত্যাগ করেছেন। নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। বিস্তারিত পড়ুন।

সোমবার পদত্যাগ স্টারমারের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন বার্নহ্যাম
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: আগেই পদত্যাগ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এবার নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন অ্যান্ডি বার্নহ্যাম। নতুন লেবার নেতা নির্বাচিত হয়েছেন বার্নহ্যাম। তাঁর সমর্থনে ৩৭৯টি মনোনয়ন জমা দিয়েছেন লেবার সাংসদরা। সোমবার ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে দেখা করে ইস্তফাপত্র দেবেন স্টারমার। তারপরেই বাকিংহ্যাম প্যালেসে যাবেন বার্নহ্যাম। সেখানে আনুষ্ঠানিকভাবে রাজা তাঁকে সরকার গঠনে আমন্ত্রণ জানাবেন। গত ১০ বছরে ব্রিটেনের সপ্তম প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি।  সেন্ট্রাল লন্ডনে লেবার পার্টির একটি বিশেষ সম্মেলনে বিদায়ী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বার্নহ্যাম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের জন্য প্রস্তুত তিনি। গত ৪০ বছর ধরে চলা ব্রিটেনের রাজনীতির পরিবর্তনের কথাও জানিয়েছেন বার্নহ্যাম। দলীয় কোন্দল দূর করে সকলকে জোটবদ্ধভাবে কাজ করারও বার্তা দেন লেবার পার্টির নয়া প্রধান। 

Advertisement

ব্রিটেনজুড়ে লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে মার্গারেট থ্যাচারের নীতির সমালোচনা করে জনসেবাগুলির জাতীয়করণের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘অত্যাবশ্যকীয় জিনিসের উপর সরকারের নিয়ন্ত্রণ না থাকলে মূল্যবৃদ্ধি, সরকারি ব্যায় ও অর্থনীতির অন্যান্য অংশে নিয়ন্ত্রণ রাখা সম্ভব নয়।’ নাগরিকদের নতুন আবাসন, শিল্প এলাকা ও শিক্ষার মান উন্নয়নের আশ্বাস দিয়েছেন বার্নহ্যাম। যদিও তাঁর মন্ত্রিসভায় কারা থাকছেন সেবিষয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন তিনি। স্বরাষ্ট্র সচিব  শাবানা মাহমুদকে অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ