Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টেস্টে একগুচ্ছ নতুন নিয়ম

টেস্ট ক্রিকেটে বেশকিছু নতুন নিয়ম চালু করতে চলেছে আইসিসি। আগামী ২ জুলাই থেকে যা কার্যকর হওয়ার কথা।

টেস্টে একগুচ্ছ নতুন নিয়ম
  • ২৭ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

দুবাই: টেস্ট ক্রিকেটে বেশকিছু নতুন নিয়ম চালু করতে চলেছে আইসিসি। আগামী ২ জুলাই থেকে যা কার্যকর হওয়ার কথা।

Advertisement


এবার টেস্টে স্টপ ক্লকের ব্যবহার
সীমিত ওভারের ক্রিকেটে স্টপ ক্লকের ব্যবহার চালু হয়েছে এক বছর আগেই। স্লো ওভার রেটের সমস্যা মেটাতে এবার টেস্ট ম্যাচেও তার প্রচলম ঘটছে। একটি ওভার শেষ হওয়ার ৬০ সেকেন্ডের মধ্যে পরবর্তী ওভার শুরু করা বাধ্যতামূলক। ফিল্ডিং দল সেই নিয়ম পালনে ব্যর্থ হলে দু’বার সতর্ক করবেন আম্পায়াররা। তৃতীয়বারও একই ভুল করলে ৫ রান যোগ হবে প্রতিপক্ষের স্কোরবোর্ড।


থুতু লাগলেও মিলবে না নতুন বল
বল পালিশের ক্ষেত্রে থুতুর ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। তবে এখনই সে পথে হাঁটছে না আইসিসি। অর্থাৎ জারি থাকছে করোনা পর্বে আরোপিত বলে থুতু লাগানোয় নিষেধাজ্ঞা। এতদিন কেউ ভুল করে সেই কাজ করে ফেললে সঙ্গে সঙ্গে বল বদলে দিতেন আম্পায়ার। আর সেই সুযোগের ফায়দা নিয়ে কেউ কেউ বল বদলানোর অভিসন্ধিতে ইচ্ছাকৃতভাবে তাতে থুতু লাগিয়ে দিতেন। সেই অসাধু প্রচেষ্টায় লাগাম টানল আইসিসি। তারা জানিয়ে দিয়েছে, বলে থুতুর অস্তিত্ব টের পেলেও তা বাতিল হবে না। একমাত্র বলের আকৃতি বদলালেই নতুন বল পাবে সংশ্লিষ্ট দল।


নো বলে ক্যাচের রিভিউ
অনেকসময় সঠিকভাবে ক্যাচ ধরা হয়েছে কিনা তা নিয়ে বিভ্রান্ত থাকেন আম্পায়ার। তখন থার্ড আম্পায়ারের সাহায্য নেওয়া হয়। যদি দেখা যায় নো বলে বৈধভাবে ক্যাচ নেওয়া হয়েছে তখন শুধুমাত্র ১ রান যোগ হবে স্কোরবোর্ডে। ব্যাটসম্যানরা যদি তারই মধ্যে দৌড়ে কোনও রান নেন, তা গণ্য হবে না। তবে ক্লিন ক্যাচ না হলে সেক্ষেত্রে মিলবে দৌড়ে নেওয়া রানও।


‘শর্ট রান’ নিয়ে সতর্কতা
নতুন নিয়মে অন্যতম চমক এটি। যদি দেখা যায় ব্যাটার ইচ্ছা করে শর্ট রান (ক্রিজের দাগ না ছোঁয়া) নিয়েছেন সেক্ষেত্রে প্রতিপক্ষ অধিনায়ককে ডাকবেন আম্পায়ার। ফিল্ডিং দলের ক্যাপ্টেনই ঠিক করবেন কোন ব্যাটার স্ট্রাইকে থাকবে।


ডিআরএসে দ্বিতীয় রিভিউ
ধরা যাক কট বিহাইন্ডের আবেদনে সাড়া দিয়ে আউট দিয়েছেন আম্পায়ার। কিন্তু সিদ্ধান্তকে চ্যলেঞ্জ জানিয়ে রিভিউ নিয়েছেন ব্যাটার। তাতে দেখা গেল, বল প্যাড স্পর্শ করেছে। এসব ক্ষেত্রে আউটের আবেদন নাকচ হয়। এখন থেকে তা বদলাচ্ছে। যদি দেখা যায় ক্যাচ আউট না হলেও ব্যাটার এলবিডব্লু হয়েছেন সেক্ষেত্রেও বহাল থাকবে আউটের সিদ্ধান্ত।


সমম্বিত রিভিউয়ের ক্ষেত্রে বদল
আইসিসি’র প্লেয়িং কন্ডিশন ৩.৯ ধারা অনুযায়ী কিছু পরিমার্জন আনা হচ্ছে। ধরা যাক, একই সঙ্গে এলবিডব্লু ও রান আউটের আবেদন করা হয়েছে। নতুন ধারায় আগে এলবিডব্লুর রিভিউ দেখবেন তৃতীয় আম্পায়ার। ব্যাটার আউট হলে বল ‘ডেড’ ঘোষিত হবে।


খেলোয়াড় পরিবর্তন
কোনও ক্রিকেটার মারাত্মক চোট পেলে পরিবর্ত নেওয়া যেতেই পারে। তবে আপাতত পরীক্ষামূলকভাবে তা ঘরোয়া ক্রিকেটে চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ