Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আপাতত টি-২০ ফরম্যাটে বিশ্রাম দেওয়া হবে বুমরাহকে

সদ্যসমাপ্ত বিশ্বকাপ ফাইনালে তিনিই ম্যাচের সেরা। পকেটে ১৪টি উইকেট। বরুণ চক্রবর্তীর সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক উইকেট শিকারী যশপ্রীত বুমরাহ।

আপাতত টি-২০ ফরম্যাটে বিশ্রাম দেওয়া হবে বুমরাহকে
  • ১২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: সদ্যসমাপ্ত বিশ্বকাপ ফাইনালে তিনিই ম্যাচের সেরা। পকেটে ১৪টি উইকেট। বরুণ চক্রবর্তীর সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক উইকেট শিকারী যশপ্রীত বুমরাহ। তবে টি-২০ ক্রিকেট থেকে এবার ফোকাস সরতে চলেছে তাঁর। সামনের বছর রয়েছে ওডিআই বিশ্বকাপ। ‘বুমবুম’কে তার জন্য যতটা সম্ভব বিশ্রাম দিয়ে তরতাজা রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথাও মাথায় রাখা হচ্ছে। তাই আপাতত কুড়ি ওভারের ফরম্যাটে তাঁকে না খেলানোর ভাবনা রয়েছে বোর্ডের।

Advertisement

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জেতার পর বুমরাহকে দেশের ‘সম্পদ’ বলে চিহ্নিত করেছিলেন বিরাট কোহলি। এবারও খেতাব রক্ষায় বড় ভূমিকা নিয়েছেন ডানহাতি পেসার। তবে পিঠের চোট-আঘাতের জন্য অতীতে বারবার সমস্যায় পড়েছেন তিনি। অস্ট্রেলিয়ায় ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে খেলতে পারেননি। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেননি। তাঁকে ছাড়াই চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার দল। তবে ২০২৭ ওডিআই বিশ্বকাপে বুমবুমকে মিস করতে নারাজ টিম ম্যানেজমেন্ট।
আন্তর্জাতিক ক্রিকেটে বছর দশেক কাটিয়ে দেওয়ার পরও এই ফরম্যাটে বিশ্বকাপ জেতেননি বুমরাহ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও অধরা। এবার সেজন্যই টেস্ট এবং একদিনের ম্যাচ থাকছে তাঁর অগ্রাধিকারের তালিকায়।
২৮ মার্চ শুরু আইপিএল। কোটিপতি লিগ শেষ হলেই টেস্ট এবং একদিনের ক্যাপ্টেন শুভমান গিলের সঙ্গে আগামীর ‘রোডম্যাপ’ নিয়ে বসবেন কোচ গৌতম গম্ভীর এবং সিওই প্রধান ভিভিএস লক্ষ্মণ। তখনই বুমরাহকে কীভাবে ব্যবহার করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার কথা। বোর্ড সূত্রের খবর, অধিকাংশ টেস্টে খেলানো হবে তাঁকে। তবে কুড়ি ওভারের ফরম্যাট বিশ্রাম পাবেন তিনি। যেমন ২০২৩ ওডিআই বিশ্বকাপের পর ৫০ ওভারের ক্রিকেটে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সেই একই ফর্মুলায় এবার টি-২০ ম্যাচে সাময়িক ছুটি দেওয়া হবে বুমরাহকে। তৈরি রাখা হবে ওয়ান ডে ম্যাচের জন্য। বিশ্বকাপের আগে এই ফরম্যাটে ৩০-৩৫টি ম্যাচ খেলবে ভারত। তাই বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অত্যন্ত জরুরি।

সম্পর্কিত সংবাদ