Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

নেটে সপ্রতিভ বুমরাহ, বিশ্রামে গিল-আকাশরা

লর্ডস টেস্টের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন যশপ্রীত বুমরাহ। মঙ্গলবার নেটে ৪৫ মিনিট ধরে লাগাতার বোলিং করলেন তিনি। বার্তা পরিষ্কার, এজবাস্টন টেস্টে বিশ্রামের পর অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির তৃতীয় টেস্টে নিজেকে উজাড় করে দিতে সম্পূর্ণ তৈরি তিনি।

নেটে সপ্রতিভ বুমরাহ, বিশ্রামে গিল-আকাশরা
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: লর্ডস টেস্টের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন যশপ্রীত বুমরাহ। মঙ্গলবার নেটে ৪৫ মিনিট ধরে লাগাতার বোলিং করলেন তিনি। বার্তা পরিষ্কার, এজবাস্টন টেস্টে বিশ্রামের পর অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির তৃতীয় টেস্টে নিজেকে উজাড় করে দিতে সম্পূর্ণ তৈরি তিনি। বোলিং ছাড়াও লম্বা সময় ব্যাট হাতে দেখা গেল তাঁকে। হেডিংলে টেস্টে ব্যাট হাতে কোনও অবদান রাখতে পারেননি তিনি। আর তা মনে রেখেই অনেকক্ষণ থ্রো-ডাউন নিলেন বুমরাহ। সতীর্থদের সঙ্গে একপ্রস্ত দৌড়লেনও অনুশীলনের গোড়ায়। 

Advertisement

বার্মিংহামে ভারতের ৩৩৬ রানে জয়ের অন্যতম দুই কারিগর আকাশদীপ ও মহম্মদ সিরাজ অবশ্য এদিন বিশ্রাম নিলেন। তাঁদের মতোই এদিন নেটে আসেননি ক্যাপ্টেন শুভমান গিল, ভাইস-ক্যাপ্টেন ঋষভ পন্থ, লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল। বাকিরা অবশ্য গা ঘামালেন পুরোদমে। বোলারদের মধ্যে বিশেষ করে চোখে পড়লেন অর্শদীপ সিং। বাঁ-হাতি পেসার প্রায় ঘণ্টাখানেক অক্লান্তভাবে বল করলেন। তবে তাঁর খেলার সম্ভাবনা কম। এজবাস্টনের প্রথম একাদশ থেকে প্রসিদ্ধ কৃষ্ণর বাদ পড়া নিশ্চিত। পরিবর্তে খেলবেন বুমরাহ। এছাড়া মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে। সিরিজের প্রথম দুই টেস্টে ৭২.৩ ওভার বল করেছেন তিনি। তাই সিরাজের ওয়ার্কলোড নিয়ে সতর্ক শিবির। বাকি তিনটি টেস্টের মধ্যে একটিতে ফের বিশ্রাম নেওয়ার কথা বুমরাহর। তখন তরতাজা সিরাজকে বেশি দরকার দলের। সেজন্য লর্ডসেই তাঁকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে। সেক্ষেত্রে শিকে ছিড়তে পারে অর্শদীপের।
লর্ডসের বাইশ গজ আবার ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলার জন্য তৈরি। সবুজ পিচে রীতিমতো ঘাস। এদিন প্রচারমাধ্যমের সামনে ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক সাফ বললেন, ‘প্রথম দুই টেস্টের তুলনায় এই পিচ অনেকটাই সবুজ। দেখা যাক, ম্যাচের আগে ঘাস কতটা কাটা হয়। লর্ডসে অবশ্য স্কোর কমই ওঠে। ফলে বোলারদের জন্য সাহায্য মজুত থাকবে বলেই আশা করা যায়। তাই রানের জন্য ব্যাটারদের ধৈর্য ধরতে হবে। আউট হতে পারি যখন-তখন, এই ভয় থেকে ঝুঁকিপূর্ণ শট খেলা উচিত নয়।’ অর্থাৎ হেডিংলে, এজবাস্টনের মতো রানের ফোয়ারা দেখা যাবে না ঐতিহ্যের লর্ডসে। অন্তত, ভারতীয় দলের তেমনই ধারণা।
আর সেজন্যই ব্যাটিং গভীরতা নিয়ে ভাবতে হচ্ছে। গিল-পন্থ ছাড়াও সেঞ্চুরি করেছেন যশস্বী, রাহুল। রবীন্দ্র জাদেজা এজবাস্টনে দুই ইনিংসেই পঞ্চাশের গণ্ডি পেরিয়েছেন। কিন্তু চিন্তায় রাখছেন করুণ নায়ার, নীতীশ রেড্ডি। চার ইনিংসে করুণের সংগ্রহ মাত্র ৭৭। আর নীতীশ তো এজবাস্টনে দুই ইনিংস মিলিয়ে করেছেন মোটে ২। নেটে এদিন তাঁরা লম্বা সময় ধরে ব্যাট করলেন। ধ্রুব জুরেল, অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে সুদর্শনকেও দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা গেল। তবে ত্রয়ীর লর্ডসে খেলার সম্ভাবনা কম। একইভাবে কুলদীপ যাদবের জন্যও দরজা বন্ধই দেখাচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ