Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

স্কোয়াডে বুমরাহ, কামব্যাক সঞ্জু ও বরুণের

আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। ম্যাচগুলি হবে দিল্লিতে ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর

স্কোয়াডে বুমরাহ, কামব্যাক সঞ্জু ও বরুণের
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। ম্যাচগুলি হবে দিল্লিতে ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর। এটি আফগানদের ‘হোম সিরিজ’। মঙ্গলবার ১৫ জনের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই।

Advertisement

চোট সারিয়ে ফেরার তালিকা বেশ দীর্ঘ। যশপ্রীত বুমরাহ থেকে হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর থেকে নীতীশ রেড্ডিরা রয়েছেন স্কোয়াডে। তবে ফিটনেস টেস্টে তাঁদের পাস করতে হবে, এই শর্তেই দলে নেওয়া হয়েছে। বুমরাহর কামব্যাক খুবই ইতিবাচক। হাঁটুর চোটে ভুগছিলেন তিনি। মনে করা হচ্ছিল, আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে তাড়াহুড়ো করে খেলানো হবে না তারকা পেসারকে। কিন্তু রিহ্যাবে দারুণ সাড়া দিয়েছেন বুমবুম। টি-২০’তে ওয়ার্কলোড তুলনায় কম। তাই তাঁকে খেলিয়ে দেখে নিতে চাইছেন নির্বাচকরা। সুন্দরও শ্রীলঙ্কায় যেতে পারেননি। এখন তিনি ম্যাচ কন্ডিশনে ফিরেছেন। নীতীশ রেড্ডিও রিহ্যাবের পর অনেকটাই ফিট। হর্ষিত রানাও চোটমুক্ত। এই চার ক্রিকেটারের কামব্যাকে ভারতীয় দলের শক্তি অবশ্যই বাড়বে। 
তবে হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে রীতিমতো লুকোচুরি চলছে। ঢাক ঢোল পিটিয়ে বোর্ডের এক শীর্ষকর্তা সোমবার জানিয়েছিলেন, আফগানিস্তানের বিরুদ্ধে তারকা অলরাউন্ডারের খেলতে কোনো সমস্যা নেই। অনেকটাই সুস্থ। কিন্তু চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বদলে গেল ছবিটা। জানানো হল, ফের চোটের কবলে হার্দিক। ফলে টি-২০ সিরিজে তিনি নেই। আপাতত বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অব এক্সলেন্সে রিহ্যাব করবেন। 
ভারতের দল নির্বাচনের মধ্যে বার্তা স্পষ্ট, আফগানদের বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। এমনিতেই সংক্ষিপ্ততম ফরম্যাটে হামেশাই অঘটন ঘটে থাকে। তাছাড়া শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জিতেও কলম্বোর ড্র কাঁটা হয়ে বিঁধেছে গিলদের। তাই আফগানিস্তানের বিরুদ্ধে কোনো ঝুঁকি নিতে চাননি নির্বাচকরা। ফেরানো হয়েছে সঞ্জু স্যামসনের মতো সিনিয়রকে। বরুণ চক্রবর্তীর কামব্যাক বোলিংকে শক্তিশালী করবে। দু’জনেই অবশ্য জিম্বাবোয়ের বিরুদ্ধে গত সিরিজে দলে ছিলেন না। 
সামনে এশিয়ান গেমস। মেগা আসরের কথা মাথায় রেখেই পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবেন কোচ গৌতম গম্ভীর। ক্যাপ্টেন শ্রেয়স আয়ারের ডেপুটি হয়েছেন তিলক ভার্মা। টপ অর্ডারে অভিষেক শর্মার সঙ্গে আছেন বৈভব সূর্যবংশী, ঈশান কিষানও। হর্ষিত, বুমরাহ ফেরায় অর্শদীপের চাপ কমবে। স্পিন বিভাগে বরুণের সঙ্গে রবি বিষ্ণোইকে রাখা হয়েছে।
ভারতীয় স্কোয়াড: শ্রেয়স আয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, তিলক ভার্মা, শিবম দুবে, নীতীশ রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, যশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ