Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পাঁচ উইকেট নেওয়া বল ছেলেকে দিলেন বুমরাহ

যশপ্রীত বুমরাহই সর্বকালের সেরা! ব্রিটিশ মিডিয়াতে এভাবে বন্দিত হচ্ছেন ভারতের তারকা পেসার। লিডস টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের পাঁচ ব্যাটারকে একাই আউট করেছেন তিনি।

পাঁচ উইকেট নেওয়া বল ছেলেকে দিলেন বুমরাহ
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লিডস: যশপ্রীত বুমরাহই সর্বকালের সেরা! ব্রিটিশ মিডিয়াতে এভাবে বন্দিত হচ্ছেন ভারতের তারকা পেসার। লিডস টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের পাঁচ ব্যাটারকে একাই আউট করেছেন তিনি। তাঁর মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। দ্য টেলিগ্রাফ, বিবিসি, ডেইলি মেলের মতো প্রথম সারির ব্রিটিশ সংবাদমাধ্যমের লিড নিউজে জায়গা করে নিয়েছেন বুমরাহ। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন তো বলেই দিলেন, ‘জিনিয়াস।’
একের পর এক ক্যাচ না ফেললে বুমরাহর শিকার সংখ্যা আরও বেশি হতে পারত। তা নিয়ে আপশোস শোনা গিয়েছে শচীন তেন্ডুলকরের মুখেও। তিনি বলছেন, ‘আরও বেশি উইকেট পেতে পারত বুমবুম।’ এই নিয়ে ১৪বার ইনিংসে ৫ উইকেট নিলেন তারকা পেসার। তবে লিডসের এই সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ইনিংস শেষে তাই বলটা সংগ্রহ করতে ভোলেননি বুমরাহ। কারণ, ফাইফার বলটা তিনি ছেলে অঙ্গদকে উপহার দিতে চেয়েছিলেন। আর সেই পরিকল্পনার কথা সামনে এসেছে তাঁর স্ত্রী সঞ্জনার পোস্টে। ছবিতে দেখা যায়, ছোট্ট দু’হাতে বলটি ধরে রেখেছে অঙ্গদ।
প্রথম ইনিংসে বুমরাহর সাফল্যে ঢাকা পড়েছে ভারতের বাকি বোলারদের দুর্বলতা। কিন্তু তিনি তো আগেই জানিয়ে দিয়েছেন, ওয়ার্ক-লোড কমাতে সিরিজের সবক’টি (পাঁচ) টেস্ট খেলবেন না। খুব বেশি হলে চারটি ম্যাচে মাঠে নামবেন। একই বক্তব্য শোনা গিয়েছে কোচ গম্ভীরের মুখেও। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুনীল গাভাসকর ও চেতেশ্বর পূজারা। তাঁদের বক্তব্য, বুমরাহ পাঁচটি টেস্টেই খেলুক। সেই বার্তা বুমরাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য স্টুডিওতে অ্যাঙ্করের ভূমিকায় থাকা সঞ্জনাকে অনুরোধও করেন তাঁরা। তৃতীয় দিনের নায়কের ইন্টারভিউ নেওয়ার সময় বুমবুমকে সেই কথা জানান সঞ্জনা। তা শুনে ভারতের তারকা পেসার মুচকি হেসে বলেন, ‘এই বিষয়ে অন্য কখনও আলোচনা করা যাবে।’
অর্থাৎ সানি, পূজারার আবেদনে সাড়া মেলার সম্ভাবনা ক্ষীণ। সিদ্ধান্তেই অবিচল থাকতে পারেন বুমরাহ। সেটা না করেও উপায় নেই। পিঠের চোট তাঁর কেরিয়ারকে সঙ্কটের মুখে ঠেলে দিয়েছে। চিকিৎসকের পরামর্শ মেনেই বেছে বেছে ম্যাচ খেলতে চান বুমরাহ।

Advertisement

 

সম্পর্কিত সংবাদ