Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের চলল বুলডোজার, ভাটপাড়ায় গুঁড়িয়ে গেল তৃণমূল নেতার বাড়ি, উচ্ছেদ মালতীপুরেও

ভাটপাড়ায় তৃণমূল নেতা গোপাল রাউতের বাড়িতে বুলডোজার চলল। বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন।

ফের চলল বুলডোজার,  ভাটপাড়ায় গুঁড়িয়ে গেল তৃণমূল নেতার বাড়ি, উচ্ছেদ মালতীপুরেও
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও সংবাদদাতা বসিরহাট: বুলডোজার চলল ভাটপাড়ার তৃণমূল নেতা গোপাল রাউতের বাড়িতে। তিনি ভাটপাড়া পুরসভার দু’নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন এবং অতীতে ভাটপাড়া পুরসভার প্রশাসকও হয়েছিলেন। বিধানসভা ভোটে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের নির্বাচনি কমিটির চেয়ারম্যান ছিলেন। এমনকি নির্বাচনের আগে ভাটপাড়া থানার সামনে গোলমালের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ভোটের দিন জেলে ছিলেন। কাঁকিনাড়া জুট মিলের জমিতে তৈরি তাঁর বাড়ির অবৈধ অংশ পুরসভার পক্ষ থেকে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হল। যাকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনার সৃষ্টি হয়। গোপাল রাউতের অনুগামীরা প্রথমে বাধা দেন। কিন্তু ভাটপাড়া পুরসভার পক্ষ থেকে আদালতের নির্দেশ দেখানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। যে অংশটি অবৈধ, বুলডোজার দিয়ে তা ভেঙে দেওয়া হয়। ছিল বিশাল পুলিশ বাহিনী। ওই বেআইনি অংশ নিয়ে কাঁকিনাড়া জুট মিল কর্তৃপক্ষ মামলা করেছিলেন। ভাটপাড়া পুরসভা বেআইনি অংশ ভেঙে দেয়। 

Advertisement

পুরসভার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন গোপাল রাউতের ছেলে জিতেন্দ্র রাউত। সেই মামলায় ৪ আগস্ট পর্যন্ত বাড়ি ভাঙার কাজে স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। কিন্তু তারপরও বাড়ি ভাঙার কাজ চালিয়ে যায় পুরসভা। কেন আদালতের নির্দেশ অমান্য করা হল? কোর্টে সশরীরে হাজির হয়ে পুর প্রশাসক ও ভাটপাড়া থানার আইসিকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। আজ, বৃহস্পতিবার দুপুর দু’টো নাগাদ তাঁদের হাজির হতে বলেছে আদালত। পুরসভার এই সিদ্ধান্ত আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন বিচারপতি বসু চৌধুরী। 
পাশাপাশি, বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হল শিয়ালদহ-হাসনাবাদ শাখার মালতীপুর রেল স্টেশন সংলগ্ন রেল ব্রিজের নীচে গড়ে ওঠা অবৈধ নির্মাণ। দখলমুক্ত করা হয় ব্রিজের নীচের রাস্তার অংশ। বুধবার এই অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 
দীর্ঘদিন ধরে ব্রিজের নীচে এবং সংলগ্ন এলাকায় বেআইনিভাবে দোকানঘর, অস্থায়ী নির্মাণ ও বিভিন্ন কাঠামো গড়ে উঠেছিল। ফলে রাস্তা ক্রমশ সংকীর্ণ হয়ে পড়ছিল। যানবাহন চলাচল ও হাঁটাচলায় সমস্যা হচ্ছিল। বুধবার দুপুরে বিশাল পুলিশ বাহিনী, রেল কর্তৃপক্ষ, প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে শুরু হয় উচ্ছেদ অভিযান। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। এরপর বুলডোজার নামিয়ে একে একে ভেঙে ফেলা হয় সমস্ত অবৈধ নির্মাণ। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ