Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

লিলুয়া ঝিলরোডে বুলডোজার, ৩৫টি দোকান ভাঙল প্রশাসন

তিন দিনের নোটিসের মেয়াদ শেষ হতেই লিলুয়ার ঝিল রোড সংলগ্ন বড়ো নালার উপর গড়ে ওঠা অবৈধ দোকান ও গুমটির বিরুদ্ধে বড়োসড়ো উচ্ছেদ অভিযান চালাল হাওড়া পুরসভা।

লিলুয়া ঝিলরোডে বুলডোজার,  ৩৫টি দোকান ভাঙল প্রশাসন
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: তিন দিনের নোটিসের মেয়াদ শেষ হতেই লিলুয়ার ঝিল রোড সংলগ্ন বড়ো নালার উপর গড়ে ওঠা অবৈধ দোকান ও গুমটির বিরুদ্ধে বড়োসড়ো উচ্ছেদ অভিযান চালাল হাওড়া পুরসভা। সোমবার সকাল থেকে লিলুয়া থানার সহযোগিতায় বুলডোজার নিয়ে অভিযানে নামেন পুরসভার কর্মীরা। একে একে ভেঙে ফেলা হয় প্রায় ৩৫টি অস্থায়ী দোকান ও গুমটি। গোটা এলাকা ঘিরে রাখা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

Advertisement

পুরসভা সূত্রে জানা গিয়েছে, তিন দিন আগে সংশ্লিষ্ট দখলদারদের দোকান সরিয়ে নেওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে জায়গা খালি না করলে প্রশাসন উচ্ছেদে নামবে বলেও স্পষ্ট জানানো হয়েছিল। কিন্তু নোটিসের পরও অধিকাংশ দোকানদার দোকান সরাননি। এরপরই সোমবার সকালে অভিযান শুরু হয়। বুলডোজার দিয়ে নালার উপর গড়ে ওঠা একের পর এক অবৈধ কাঠামো ভেঙে ফেলা হয়। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে ঝিল রোডের বড়ো নালার উপর বেআইনিভাবে দোকান গড়ে ওঠায় নিকাশি ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। ড্রেন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের কাজ করা সম্ভব হচ্ছিল না। ফলে অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে দুর্ভোগে পড়তেন স্থানীয় বাসিন্দারা। নিকাশি ব্যবস্থাকে স্বাভাবিক করতে এবং সরকারি জমি দখলমুক্ত করতেই এই অভিযান চালানো হয়েছে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছে। 
পুরসভার এক আধিকারিক জানান, বেআইনি দখলদারির বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থান আগামী দিনেও বজায় থাকবে। নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং জনস্বার্থে যেখানে এখানে প্রয়োজন, একই ধরনের উচ্ছেদ অভিযান চলবে বলে প্রশাসনের তরফে বার্তা দেওয়া হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ