


সুখেন্দু পাল, বর্ধমান: নির্বাচনে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি। কখনো কেন্দ্রীয় বাহিনী দিয়ে আবার কখনো বহিরাগতদের এনে তারা চাপ তৈরি করতে চাইছে। এমনই অভিযোগ করে আসছে তৃণমূল। বিজেপির মনোননয়নপত্র জমা দেওয়ার দিন তাদের এই অভিযোগেই কার্যত সিলমোহর দিল। মঙ্গলবার বিজেপির গলসির প্রার্থী বুলডোজারে চেপে বর্ধমানে মনোনয়নপত্র জমা দিতে এলেন। আর ঠিক সেই সময়ই কার্জনগেটের সামনে বক্তব্য রাখতে গিয়ে যোগীর উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য এরাজ্যে বিহার, উত্তরপ্রদেশের পরিবেশ ফিরিয়ে আনার বার্তা দিলেন। তিনি বলেন, বিজেপি জিতলে রাম রাজত্ব আসবে। বিহার, উত্তরপ্রদেশে জঙ্গলরাজ ছিল। তা পরিবর্তন হয়েছে। বাংলাতেও গুণ্ডামী শেষ হবে। উত্তরপ্রদেশ, বিহারের মতোই এখানে পদ্মফুটবে। আর বুলডোজার নিয়ে আসা বিজেপি প্রার্থী রাজু পাত্র বলছেন, আজ তো ট্রেলার দেখিয়েছি। পুরো ছবি এখনো বাকি রয়েছে।
এদিন বিজেপি পূর্ব বর্ধমান জেলার প্রার্থীরা মনোনয়নপত্র জমা করেন। ভাতারের বিজেপি প্রার্থী শতাধিক গাড়ি ও বাইক নিয়ে মিছিল করতে আসেন। তবে গলসির প্রার্থী বুলডোজার নিয়ে আসায় বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল নেতা তথা বর্ধমান দক্ষিণের তৃণমূল প্রার্থী খোকন দাস বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার দিনও ওরা লোকজন পায়নি। বিহার, ঝাড়খণ্ড থেকে লোকজন এনেছিল। ওরা মানুষকে ভয় দেখাতে চাইছে। কিন্তু, এরাজ্যের মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় যত দিন রয়েছেন, কেউ তাঁদের স্পর্শ করতে পারবে না। ওরা যত এসব করবে, ততই পিছিয়ে পড়বে।
বিজেপি সূত্রে গিয়েছে, বর্ধমান সাংগঠনিক জেলার বিভিন্ন এলাকার কর্মী এবং সমর্থকদের গাড়িতে করে আনা হয়। তারপরও তারা বিপুল জমায়েত করতে পারেনি। জেলার সবস্তরের নেতাদের বর্ধমানে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরও অনেকেই আসেননি। এদিকে, সদন তা নামে এক আইনজীবী বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন।
আজ, বুধবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনয়নপত্র জমা করবেন। মেমারি, গলসি, ভাতার, আউশগ্রাম, রায়না ও খণ্ডঘোষের প্রার্থীরা বর্ধমানে মনোনয়নপত্র জমা করবেন। বাকিরা কাটোয়া এবং কালনা মহকুমায় মনোনয়নপত্র জমা দেবেন। বর্ণাঢ্য শোভাযাত্রা করেই তাঁরা মনোনয়নপত্র জমা করবেন। সিপিএম প্রার্থীরা ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা করেছেন। এই কর্মসূচি ঘিরে যাতে কোথাও অপ্রীতিকর ঘটনা না হয়, তারজন্য জেলাশাসকের দপ্তরের কাছে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এদিনও বিজেপি প্রার্থীদের সঙ্গে কয়েকজনকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়। গেরুয়া শিবিরের কর্মীরা টাউনহল থেকে মিছিল করে আসেন। গলসির বিজেপি প্রার্থী শহরে ঢোকার পরই বুলডোজার থেকে নেমে পড়েন। সেটি কিছুটা দাঁড় করিয়ে তিনি মনোনয়নপত্র জমা করতে এসেছিলেন। ততক্ষণে তাঁর বুলডোজারের আসার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।