নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, কাকদ্বীপ: কাকদ্বীপ ও ক্যানিংয়ে চলল বুলডোজার! একদিকে হকার উচ্ছেদ, অন্যদিকে রাস্তার ধারে অবৈধ দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। দুটি ঘটনাতেই দিশাহারা হয়ে পড়েন বহু ব্যবসায়ী। বৃহস্পতিবার কাকদ্বীপ স্টেশন চত্বরে রেলের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়। শুক্রবার বুলডোজার দিয়ে রেলের জমিতে গজিয়ে ওঠা অবৈধ দোকান, ঝুপড়ি ও অন্যান্য নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। এক নিমেষে সর্বহারা হলেন বহু হকার ও তাঁদের পরিবারের সদস্যরা।
রেল কর্তৃপক্ষের দাবি, অভিযানের আগে সংশ্লিষ্ট দখলদারদের একাধিকবার নোটিস দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশাল পুলিশ বাহিনী এবং রেল পুলিশ (আরপিএফ) মোতায়েন ছিল। গোটা অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। রেল সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা, স্টেশন এলাকার উন্নয়ন এবং রেলের জমি দখলমুক্ত রাখতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ঘটনার পর অনেক হকার ক্ষোভ প্রকাশ করে বলেন, বিকল্প জায়গার ব্যবস্থা না করে সব ভেঙে দেওয়া হল! এবার কীভাবে চলবে আমাদের সংসার।
এদিকে, এদিনই ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং বারুইপুর রোডের পিডব্লুডি ও ক্যানিং মহকুমা শাসকের বাংলোর মাঝে অবৈধভাবে যেসব দোকান চলছিল তাদের ভেঙে ফেলা হয়। সূত্রের খবর, প্রশাসনের পক্ষ থেকে গত ৩০ জুন দোকান মালিকদের উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছিল। সেখানে প্রশাসনের পক্ষ থেকে তাঁদের আগামী ১৫ দিনের মধ্যে দোকান না সরিয়ে ফেললে ভেঙে ফেলার কথা জানানো হয়েছিল। কিন্তু কেউই কিছু করেনি। তাই সময়সীমা শেষ হতেই প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সেই দোকানগুলি। এখানে সব মিলিয়ে ভাঙা পড়েছে প্রায় ৩০টি দোকান। প্রসঙ্গত, যে অংশে এই দোকানগুলি নির্মিত হয়েছিল, সেটা সরকারি জমি। এই ঘটনার পর, মাথায় হাত ব্যবসায়ীদের। দোকানদারদের দাবি, মুখ্যমন্ত্রী বলেছিলেন পুজো পর্যন্ত কোনো ভাঙচুর হবে না। কিন্তু সেটা তো হল না!