Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালে বুলডোজার, অবৈধ দোকান গুঁড়িয়ে খালি ফুটপাত

ঘাটালে অবৈধ দোকান উচ্ছেদ করে ফুটপাত খালি করা হল। প্রশাসনের পদক্ষেপে দখলদাররা ক্ষুব্ধ। বিস্তারিত জানুন।

ঘাটালে বুলডোজার, অবৈধ দোকান গুঁড়িয়ে খালি ফুটপাত
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: শুক্রবার রাতভর চলল বুলডোজার। গুঁড়িয়ে গেল শহরের ফুটপাত দখল করে থাকা অবৈধ সব ছোটো, ছোটো দোকান। বুলডোজার চালিয়ে ঘাটাল শহরের সিংহভাগে থাকা বেআইনি ছাউনিগুলি উচ্ছেদ করা হল। এই উচ্ছেদের পর শহরজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সিংহভাগ মানুষই বেআইনি দখলদারদের উচ্ছেদ করায় খুশি। তবে যাঁদের ব্যবসার ছাউনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই তাঁরা প্রশাসনের উপর ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, পুনর্বাসনের কোনো রাস্তা না দেখিয়েই পুজোর মুখে তাঁদের এভাবে পথে বসানোটা ঠিক হয়নি। এদিকে প্রশাসনের এক আধিকারিক জানান, প্রত্যেক দখলদারদের আগে থেকে নোটিস দেওয়া হয়েছিল। তাঁদের ডেকে শুনানিরও ব্যবস্থা  হয়েছিল। কিন্তু অধিকাংশই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ ভাঙেননি। তাই প্রশাসনকে পূর্ব নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী বুলডোজার চালাতে হয়েছে।

Advertisement

প্রশাসন সূত্রে আগে থেকেই ঘোষণা হয়েছিল, শুক্রবার সকাল থেকে উচ্ছেদ প্রক্রিয়া শুরু হবে। সেই মতো নির্দিষ্ট সময়ে মহকুমা প্রশাসন, পূর্ত দপ্তর, পুলিশ ও দমকল বাহিনী বুলডোজার নিয়ে হাজিরও হয়েছিল। প্রস্তুত ছিলেন বুলডোজারের চালকও। কিন্তু অভিযান শুরুর আগেই তৈরি হয় জটিলতা। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা তড়িঘড়ি বৈঠকে বসেন। প্রায় তিন ঘণ্টা ধরে চলে আলোচনা। 
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছিল, পুজোর আগে উচ্ছেদ প্রক্রিয়া আপাতত বন্ধ থাকবে। মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যকে মান্যতা দিয়ে বৃহস্পতিবার পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছিলেন, আপাতত পিচের রাস্তা থেকে দোকান একটু সরিয়ে দেওয়া হবে। প্রয়োজনে কিছুটা পিছিয়ে দেওয়া হবে। মূলত পুলিশ সুপারের এই বার্তার সূত্র ধরেই প্রশ্ন ওঠে, ঠিক কত দূর পর্যন্ত এই অভিযান চালানো হবে। আর তা নিয়েই শুক্রবার সকালে সাময়িক বিভ্রান্তির সৃষ্টি হয় এবং নির্ধারিত সময়ের আগেই উচ্ছেদ থমকে যাওয়ায় নানা মহলে কৌতূহল ছড়ায়।
অবশেষে পুলিশ ও প্রশাসনের দীর্ঘ বৈঠকের পর সব জট কাটিয়ে বিকেলের দিকে শুরু হয় উচ্ছেদ। এনিয়ে জেলা প্রশাসনের এক পদস্থ আধিকারিক বলেন, ঘাটালে উচ্ছেদ শুরু হয়েছে। কোথা থেকে কী ভাবে শুরু হবে, তা নিয়ে আলোচনা করেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘাটালের ফুটপাত-সহ রাস্তার দু’ধার ফাঁকা করা নিয়ে বছর তিনেক ধরেই চর্চা চলছিল। রাজ্যে পালাবদলের পরেই জবরদখলকারীদের হাতে চিঠি দিয়ে, শুনানিতে ডেকে সরকারি ভাবে আইন মেনেই উচ্ছেদের সিদ্ধান্ত হয়। এই আবহে প্রশাসনিক নির্দেশ এবং মাইকে প্রচারের পর অনেকেই এসব অবৈধ নির্মাণ সরিয়ে ফেলেছিলেন। প্রশাসনের এক মাসের প্রস্তুতির পর বাকি থাকা বেআইনি নির্মাণগুলি এদিন রাত পর্যন্ত বুলডোজার চালিয়ে সাফ করে দেওয়া হল।

Advertisement
সম্পর্কিত সংবাদ