গুয়াহাটি: বেআইনিভাবে কৃষিজমিতে বাড়ি তৈরির অভিযোগ। মাত্র দু’দিনের নোটিসে গোয়ালপাড়ায় ৭৩টি বাঙালি মুসলিমের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে অসম সরকার। গুয়াহাটি হাইকোর্টে তীব্র সমালোচনার মুখে পড়ল প্রশাসনের সেই সিদ্ধান্ত। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, প্রশাসনের এই পদক্ষেপ ছিল ‘বেআইনি ও অনুমোদনহীন।’ নিজের কৃষিজমিতেই বসতবাড়ি গড়েছিল ওই পরিবারগুলি। গত ৫ সেপ্টেম্বর অসমের ভূমি আইন ও প্রাকৃতিক বিপর্যয় আইনে নোটিস দেওয়া হয়েছিল। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ইমারত ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। এর পরেই ৭ সেপ্টেম্বর বুলডোজার দিয়ে বাড়িগুলি গুঁড়িয়ে দেয় প্রশাসন। ততক্ষণে অবশ্য আদালতের দ্বারস্থ হয়েছে ২১টি পরিবার। ৭ সেপ্টেম্বরের শুনানিতেই আদালত জানিয়েছিল, একবিঘা পর্যন্ত কৃষিজমিতে দোতলা বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমতি নিতে হবে না মালিককে। পাশাপাশি কোন ধরনের বিপর্যয়ের আশঙ্কায় বাড়িগুলির উপর বুলডোজার চালানো হয়েছে, তার বিস্তারিত রিপোর্টও চেয়ে পাঠিয়েছিল। ১১ সেপ্টেম্বর আদালত জানিয়েছে, বাড়িগুলি গুঁড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট যুক্তি দাখিল করতে পারেনি প্রশাসন। মনে হচ্ছে, বিপর্যয় মোকাবিলা আইনের অপপ্রয়োগ হয়েছে।



