নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনে চলল বুলডোজার। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল একটি ফুড কিয়স্ক। রেস্তঁরার আদলেই সেটি চলছিল। বেআইনি নির্মাণের অভিযোগে ভেঙে ফেলা হয়েছে। তবে, ওই উচ্ছেদ অভিযানে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথিরিটির (এনকেডিএ) অফিসার এবং পুলিশকে। তাই একদিনে ভাঙার কথা থাকলেও দু’দিন ধরে ভাঙার কাজ সম্পন্ন হয়েছে।
নিউটাউনের আকাঙ্ক্ষা মোড় সংলগ্ন একটি বাণিজ্যিক বিল্ডিংয়ের বাইরে ছিল ওই ফুড কিয়স্ক। তবে, কিয়স্কের উপরে রুফটপে বসে খাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। ফলে, রেস্তঁরার আদলেই চলছিল সেটি। এনকেডিএ সূত্রে জানা গিয়েছে, ওই কিয়স্কের নির্মাণ ছিল বেআইনি। বুধবার বিকালে সেটি ভাঙার সিদ্ধান্ত হয়। সেই মতো পুলিশি আয়োজনের জন্য মঙ্গলবার স্থানীয় ইকোপার্ক থানায় জানানো হয়েছিল। পুলিশ নিয়ে এনকেডিএ অফিসাররা বুধবার বিকালে সেটি ভাঙতে যান। সেই সময় তাঁদের প্রবল বাধা এবং বিক্ষোভে মুখে পড়তে হয়। ফের বৃহস্পতিবার দুপুরে আরও বেশি পুলিশ মোতায়ন রেখে উচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এদিনও সাময়িক উত্তেজনা ছড়িয়েছিল।