Bartaman Logo
২৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাজেটে সুন্দরবনে নদীবাঁধ তৈরি থেকে নতুন ম্যানগ্রোভ বনাঞ্চল সৃষ্টির প্রস্তাব

বাজেটে সুন্দরবনে নদীবাঁধ ও নতুন ম্যানগ্রোভ বনাঞ্চল তৈরির প্রস্তাব। এক হাজার কোটি টাকার প্রকল্পে উপকৃত হবে স্থানীয়রা। বিস্তারিত পড়ুন।

বাজেটে সুন্দরবনে নদীবাঁধ তৈরি থেকে নতুন ম্যানগ্রোভ বনাঞ্চল সৃষ্টির প্রস্তাব
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের বাঁধ নিয়ে বড়ো উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। বাজেটে সেরকমই প্রস্তাব দেওয়া হয়েছে। এদিন বিধানসভায় বাজেট ভাষণ দেওয়া সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার প্রায় ৬০ কিমি নদীবাঁধ প্রকৃতিনির্ভর প্রযুক্তির সাহায্যে পুনর্নির্মাণ করা হবে। সুন্দরবন এমব্যাংকমেন্ট রিকনস্ট্রাকশন প্রজেক্ট ( ফেজ ২)-এর মাধ্যমে এই কাজ করবে রাজ্য সরকার। তার জন্য এক হাজার কোটি টাকা ব্যয় হবে। 

Advertisement

বর্ষা কিংবা প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবন এলাকার নদীবাঁধের সমস্যা নিয়েই গ্রামবাসীদের জেরবার হতে হয়। নতুন সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে হিঙ্গলগঞ্জ থেকে গোসাবা, নামখানা থেকে সন্দেশখালি উপকৃত হবে। তবে শুধু বাঁধরক্ষাই নয়, নতুন এলাকায় ম্যানগ্রোভ বনাঞ্চল তৈরি করতেও উদ্যোগী হচ্ছে রাজ্য। বাজেটে এই কাজের জন্য ধরা হয়েছে ৫০ কোটি টাকা। মন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, ম্যানগ্রোভ চারা রোপণের মাধ্যমে নতুন বনাঞ্চল গড়ে তুলতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়োগ করা হবে। অরক্ষিত এলাকাগুলির রক্ষাকর্তা হয়ে উঠবে এসব বনাঞ্চল। ঘূর্ণিঝড়সহ একাধিক প্রাকৃতিক দুর্যোগ থেকে বহু এলাকা রক্ষা পাবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল ক্লাইমেট রেসিলিয়েন্স ফান্ড এবং ওয়েস্ট বেঙ্গল ক্লাইমেট ফিনান্স ফেসিলিটি তৈরি করবে রাজ্য সরকার। বাজেটে এই প্রস্তাবও দেওয়া হয়েছে। এই উদ্যোগগুলি রাজ্যের বিপুল কার্বন শোষণ ক্ষমতাকে কাজে লাগাবে। জলবায়ু সংক্রান্ত প্রকল্পের রূপায়ণ করবে। স্টেট অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ রূপায়ণও সহজ হবে। এই বাবদ বাজেটে ধরা হয়েছে ২০০ কোটি টাকা।
সুন্দরবননের দ্বীপাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতেও আন্তরিক রাজ্য বিজেপি সরকার। পন্টুন জেটি এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ১০০ কোটি টাকার বাজেট প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী। পাশাপাশি এই সুন্দরবনের বিভিন্ন প্রান্তে সৌরচালিত নৌকা ব্যবহারে উৎসাহিত করা হবে। এসবের পাশাপাশি আপার ডেল্টা সুন্দরবন প্রজেক্ট চালুর প্রস্তাব করা হল এই বাজেটে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় ১৩৫৩ কোটি টাকা ধরা হয়েছে। নদীবাঁধ মজবুত করতেও বিশেষ প্রকল্প (শোর) চালু করতে প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এজন্য ধরা হয়েছে ৪১০০ কোটি টাকা। সুন্দরবন ছাড়াও পূর্ব ঘোষণা মতো ফলতাকে মডেল বিধানসভা কেন্দ্র করার প্রস্তাব দেওয়া হল বাজেটে। তার জন্য প্রথম ধাপে ফলতা ব্লক হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। সেখানে থাকবে সি মক পরিষেবাও।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ