নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে (বিএসকে) কর্মরত ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন বন্ধ গত দু’মাস। কবে তাঁরা টাকা পাবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার মধ্যে শুক্রবার এক নির্দেশিকা জারি করেছে কর্মিবর্গ দপ্তর। সেখানে বলা হয়েছে, এই ডেটা এন্ট্রি অপারেটরদের জুন ও জুলাই মাসের বেতন প্রদান স্থগিত রাখতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না আসা পর্যন্ত এ ব্যাপারে কোনো পদক্ষেপ করা যাবে না। ফলে চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন অসংখ্য বাংলা সহায়তা কেন্দ্রের ডিইও।
রাজ্যে প্রায় সাড়ে তিন হাজার বিএসকে আছে। অন্তত দু’জন করে ডিইও অনেক জায়গায় কাজ করছেন। কোথাও কোথাও আছেন তিনজন। সব মিলিয়ে এঁদের সংখ্যা ১০ হাজারের আশপাশে। সরকার পরিবর্তন হওয়ার পর পরিস্থিতি বদলেছে। মে মাসের বেতন পেলেও তারপর থেকে আর বেতন ঢোকেনি বলে জানাচ্ছেন তাঁরা। জুনের মাইনে না পেয়ে অনেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে জানতে চেয়েছিলেন। কিন্তু কোনো স্পষ্ট জবাব পাননি বলে অভিযোগ। জুলাই শেষেও বেতন না মেলায় সেই উদ্বেগ বেড়েছে কয়েক গুন। কিন্তু কেন বেতন বন্ধ রাখা হল, তা তাঁরা জানতে পারছেন না। জেলাশাসকদের পাঠানো চিঠিতে কেবল বলা হয়েছে, এই ডেটা এন্ট্রি অপারেটরদের বেতনের বিল এখনই জমা দেওয়া যাবে না কারণ এনিয়ে এখনও প্রশাসনিক সিদ্ধান্ত হয়নি। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, যেসব জায়গায় চুক্তিভিত্তিক কর্মী কাজ করছেন, সেখানে ঝাড়াইবাছাই করা হবে। বিএসকে’র ডিইওরা সেই তালিকায় পড়ছেন বলেই বেতন বন্ধ রাখা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।