Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিরাটকে দেখতে রনজি ম্যাচেও উত্তাল গ্যালারি

বিরাটকে দেখতে রনজি ম্যাচেও উত্তাল গ্যালারি
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: স্টারডম ইমেজ একেই বলে! বিরাট কোহলি নামতেই হইহই কাণ্ড রনজিতে। সাতসকালে ফিরোজ শাহ কোটলার গেটে হুড়োহুড়ি। প্রায় ১৫ হাজার অনুরাগীকে সামাল দিতে হিমশিম খায় পুলিস। স্টেডিয়ামের ভিতরেও ভক্তদের ঠেকাতে নাজেহাল দশা তাঁদের। উত্তাল গ্যালারির ফেন্সিং টপকে কোহলির দিকে ছুটে যান এক অনুরাগী। প্রায় ঝাঁপিয়ে পড়ে প্রিয় তারকাকে প্রণাম করার দৃশ্য মুহূর্তে ভাইরাল। সবমিলিয়ে দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচে আকর্ষণের কেন্দ্রে কিং কোহলি।
Advertisement
প্রথম দিন টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠান দিল্লির অধিনায়ক আয়ূষ বাদোনি। মাত্র ২৪১ রানে গুটিয়ে যায় রেলওয়েজ। নভদীপ সাইনি ও সুমিত মাথুর তিনটি করে উইকেট নেন। স্লিপে দাঁড়িয়ে সারাক্ষণ তাঁদের উদ্দীপ্ত করে গিয়েছেন ভিকে। প্রতিপক্ষের উইকেট পড়লে সেলিব্রেশনে মেতেছেন রাজ্য দলের জুনিয়র সতীর্থদের সঙ্গে। যাইহোক, রেলওয়েজের হয়ে সর্বাধিক ৯৫ রান উইকেটরক্ষক উপেন্দ্র যাদবের। জবাবে দিল্লির রান ১ উইকেটে ৪১।
শুক্রবার কোহলির ব্যাটিং দেখার অপেক্ষায় ক্রিকেট মহল। এক যুগেরও বেশি সময় পর রনজি খেলছেন তিনি। আসলে অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর জাতীয় দলের তারকাদের ঘরোয়া ক্রিকেট খেলার কড়া নির্দেশ দেয় বোর্ড। শুরুতে দোনামোনা করলেও রেলওয়েজের বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত নেন কোহলি। ম্যাচ দেখতে ভাই বিকাশ ছাড়াও মাঠে উপস্থিত হন ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। দর্শকদের আগ্রহও ছিল তুঙ্গে। স্টেডিয়ামে ঢোকার জন্য দীর্ঘ লাইন চোখে পড়ে। ওয়ার্ম আপের সময় ওঠে ‘কোহলি কোহলি’ স্লোগান। তারকাসুলভ ইগো ড্রেসিং-রুমে রেখে মাঠে এসেছিলেন তারকা ক্রিকেটার। অল্প সময়েই মিশে যান সতীর্থদের সঙ্গে। স্টেডিয়ামের ক্যান্টিনের সাধারণ মেনুতেই লাঞ্চ সারেন তিনি। আসলে কোটলাতেই তাঁর বেড়ে ওঠা। ক্রিকেট জীবনের সেই আঁতুড়ঘরেই ফর্মে ফিরতে মরিয়া কোহলি। সে জন্য অপেক্ষাকৃত হালকা, পাতলা ব্যাটে অনুশীলন করেছেন ভিকে। রান পেলে বাড়তি আত্মবিশ্বাসও জোগাড় করে নেবেন তিনি।
এদিকে, মেঘালয়ের বিরুদ্ধে চালকের আসনে মুম্বই। শুক্রবার আগুনে বোলিং করেন শার্দূল ঠাকুর। তাঁর হ্যাটট্রিকের দাপটে মাত্র ৮৬ রানে অল আউট হয় প্রতিপক্ষ। রনজিতে মুম্বইয়ের পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক শার্দূলের। অন্যদিকে, অসমের বিরুদ্ধে বড় রানের ইনিংসের পথে সৌরাষ্ট্র। দিনের শেষে তাদের রান ৩ উইকেটে ৩৬১। চেতেশ্বর পুজারা ৯৫ রানে ব্যাট করছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ