Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াচক, বৈষ্ণবনগরে উদ্ধার ৮০ লক্ষের ব্রাউন সুগার, গ্রেপ্তার পাঁচ

ফের বড়সড় সাফল্য মালদহ জেলা পুলিসের। দুটি পৃথক অভিযানে কালিয়াচক ও বৈষ্ণবনগরে বাজেয়াপ্ত প্রায় ৮০ লক্ষ টাকার ব্রাউন সুগার। দুই অভিযানে মোট পাঁচজন পুলিসের জালে।

কালিয়াচক, বৈষ্ণবনগরে উদ্ধার ৮০ লক্ষের ব্রাউন সুগার, গ্রেপ্তার পাঁচ
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালিয়াচক: ফের বড়সড় সাফল্য মালদহ জেলা পুলিসের। দুটি পৃথক অভিযানে কালিয়াচক ও বৈষ্ণবনগরে বাজেয়াপ্ত প্রায় ৮০ লক্ষ টাকার ব্রাউন সুগার। দুই অভিযানে মোট পাঁচজন পুলিসের জালে। রবিবার রাতে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিস সীমান্তবর্তী সায়লাপুর থেকে আব্দুর রশিদ, সেনাউল হক ও  রাজিকুল ইসলাম নামে তিনজনকে আটক করে। তারা একটি বাইকে চেপে মহদিপুরের দিকে যাচ্ছিল। গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিসের দলটি তাদের আটকে তল্লাশি নিতেই ছয়টি প্যাকেট উদ্ধার হয়। সেগুলির মধ্যে প্রায় ৬০০ গ্রাম ব্রাউন সুগার ছিল। যার মূল্য ৫০ লক্ষেরও বেশি। তিনজনকেই গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিস। ধৃত সেনাউল ও রাজিকুলের বাড়ি গোলাপগঞ্জে। আব্দুরের বাড়ি সাহাবাজপুরের বামুনটোলায়। এই এলাকা থেকে আগেও বিপুল  ব্রাউন সুগার উদ্ধার করেছিল পুলিস। অন্যদিকে, বৈষ্ণবনগর থানার পুলিস ১৮ মাইল এলাকায় অভিযান চালিয়ে ছোটন মণ্ডল ও সনাতন মণ্ডলকে আটক করে। তারা একটি টোটোয় চেপে ব্রাউন সুগার পাচার করছিল। জাতীয় সড়ক সংলগ্ন ১৮ মাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৩১৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিস। যার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। ধৃত ছোটনের বাড়ি কালিয়াচকের শুকলালটোলাতে। সনাতনের বাড়ি বৈষ্ণবনগরের মন্ডাইয়ে। পুলিস সূত্রে খবর, ধৃতরা দীর্ঘদিন ধরে ব্রাউন সুগারের কারবারের সঙ্গে জড়িত। আগেও পুলিস ধৃতদের হাতেনাতে ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। ধৃতদের সোমবার দুপুরে মালদহ জেলা আদালতে পেশ করে সাতদিনের হেফাজতে নিয়েছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ