Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

দালালরাজের দৌরাত্ম্য, ভুল বুঝিয়ে রোগী বেআইনি নার্সিংহোমগুলিতে, নেই পরিকাঠামো, চিকিৎসা করে ডিগ্রিহীন ডাক্তাররা

স্বাস্থ্যদপ্তরের নিয়ম অনুযায়ী নার্সিংহোমগুলিতে ১৫টি বেডে একজন আরএমও থাকা দরকার

দালালরাজের দৌরাত্ম্য, ভুল বুঝিয়ে রোগী বেআইনি নার্সিংহোমগুলিতে, নেই পরিকাঠামো, চিকিৎসা করে ডিগ্রিহীন ডাক্তাররা
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: স্বাস্থ্যদপ্তরের নিয়ম অনুযায়ী নার্সিংহোমগুলিতে ১৫টি বেডে একজন আরএমও থাকা দরকার। পাঁচটি বেড পিছু একজন করে জিএনএম প্রয়োজন। আইসিইউতে প্রয়োজনীয় ভেন্টিলেটর থাকা দরকার। এবিজি মেশিন থাকাও জরুরি। কিন্তু বর্ধমানের নবাবহাট বা খোশবাগানের অধিকাংশ নার্সিংহোমেই সেসব কিছু নেই। ছোট অপারেশন করতে গিয়েও রোগীদের মৃত্যু হচ্ছে। তবুও রোগীর ভিড় উপচে পড়ছে। সৌজন্যে দালালরাজ। বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকার রোগীদের ভুল বুঝিয়ে ওই নার্সিংহোমগুলিতে নিয়ে এসে ফায়দা তোলা হচ্ছে। ভুল চিকিৎসায় কোনো রোগীর মৃত্যু হলে বাইরে থেকে আসা লোকজন প্রতিবাদের সাহস দেখাচ্ছে না। রোগীর আত্মীয়রা বলেন, রোগীর মৃত্যু হলে পরিবারের লোকজন বিচার পায় না। উল্টে ভাঙচুরের মিথ্যা অভিযোগ দেওয়া হয় মৃতের পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

Advertisement

বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, শুনে অবাক লাগছে ওই নার্সিংহোমগুলিতে কয়েকজন এমবিবিএস না করেই চিকিৎসা করছেন। বাইরে থেকে কোনোভাবে ডিগ্রি জোগাড় করে ‘ডাক্তার’ হয়ে গিয়েছেন। বুধবার পশ্চিম মেদিনীপুরের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ছোট অপারেশন করাতে গিয়ে তার প্রাণ যায়। যে চিকিৎসক অপারেশন করেছেন তাঁর ডিগ্রি খতিয়ে দেখার জন্য স্বাস্থ্যদপ্তরকে জানিয়েছি। আশা করি সব কিছু ভালো ভাবেই তদন্ত হবে। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, অনেক সময় অপারেশন সঠিক ভাবে হলেও নার্সিংহোমের পরিকাঠামো না থাকায় রোগীর মৃত্যু হচ্ছে। অনেক নার্সিংহোমে প্রশিক্ষিত নার্স নেই। স্কুলের গন্ডি না পেরনো যুবতীদের দিয়ে কাজ করানো হচ্ছে। এমনকী অনেক নার্সিংহোমে আরএমও থাকে না। ভাতারের বিধায়ক সৌমেন কার্ফা বলেন, অনেক নার্সিংহোম নিয়ম মেনে চিকিৎসা করে। সেগুলি খুব বেশি দালাল নির্ভর নয়। কিন্তু অনেক নার্সিংহোম স্বাস্থ্যদপ্তরের নিয়ম না মেনেই তৈরি হয়েছে। তৃণমূল জমানায় সেগুলি অনুমতি পেয়েছিল। যেসব নার্সিংহোমের পরিকাঠামো নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন করবে। কেউ ভুয়ো ডিগ্রি নিয়ে অপারেশন করলে তার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়রা বলেন, আশেপাশের বিভিন্ন জেলার বাসিন্দাদের ধারণা রয়েছে বর্ধমানে ভালো চিকিৎসা হয়। দালালরা সেই সুযোগটা কাজে লাগায়। কোন নার্সিংহোম বা কোন চিকিৎসক ভাল চিকিৎসা করেন, সেই ধারণা রোগীদের থাকে না। ফলে তাঁদের অনেকেই দালালের উপর ভরসা করে। পরিকাঠামো না থাকা নার্সিংহোমগুলি থেকে মোটা টাকা কমিশন পায় দালালরা। সেই কারণে তারা সেখানেই রোগীদের নিয়ে যায়। ভালো ভাবে চিকিৎসা না করে রোগীদের থেকে মোটা টাকা বিল আদায় করা হয় বলে অভিযোগ। নবাবহাটের ১০৮ শিবমন্দিরের কাছে বুধবার চার বছরের শিশুর মৃত্যু ভুল চিকিৎসার কারণেই হয়েছে বলে পরিবারের লোকজন দাবি করেন। নার্সিংহোম অ্যাসোসিয়াশনের পক্ষে আলহাজউদ্দিন বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। প্রশাসন তদন্ত করে কড়া পদক্ষেপ নেবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ