Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মাটির নীচে ব্রিটিশ আমলের রেললাইন, চাঞ্চল্য ক্যানিংয়ে

ক্যানিং স্টেশনে ব্রিটিশ আমলের একটি পুরনো রেললাইন খুঁজে পাওয়া গেছে। এটি ইতিহাসের পাতা উল্টে দেওয়ার মতো ঘটনা। বিস্তারিত পড়ুন।

মাটির নীচে ব্রিটিশ আমলের রেললাইন, চাঞ্চল্য ক্যানিংয়ে
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্টেশন তৈরির জন্য মাটি খোঁড়াখুঁড়ি চলছিল ক্যানিং স্টেশনে। সেখানে মাটির তলায় চাপা পড়েছিল আর একটি অন্য রেললাইন। তার ইস্পাতের গায়ে জং ধরেছে। ফুটে উঠেছে বয়সের ছাপ। খবরটি চাউর হতেই ইতিহাসের পাতা ওল্টাতে শুরু করেন অনেকে। তারপর জানা যায়, রেললাইনটি বাস্তবিকই প্রাচীন। ইংরেজ আমলের। ১৮৬৭ সালের আগে পাতা সম্ভবত।

Advertisement

ক্যানিং স্টেশনে চলছিল অমৃত ভারত স্টেশনের কাজ। তখনই খোঁড়াখুঁড়ি করতে গিয়ে প্রাচীন রেললাইনটি চোখে পড়ে। তারপরই ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিষয়টি। অনেকে এই লাইন সংরক্ষণ করার দাবি তোলেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে পোস্ট শুরু হয়। ক্যানিংয়ের প্রবীণ এবং অভিজ্ঞ মানুষদের অনুমান, ঊনবিংশ শতাব্দীতে ক্যানিং স্টেশন তৈরি হয়েছিল। মাতলা নদীর ধারে পাতা হয়েছিল প্রথম ব্রডগেজ লাইন। কলকাতার বিকল্প হিসাবে ক্যানিং বন্দরকে পরিষেবা দেওয়ার উপযুক্ত করার চেষ্টা করেছিল ইংরেজরা। তবে ১৮৬৭ সালে এক প্রবল ঘূর্ণিঝড়ে বন্দর ধ্বংস হয়ে যায়। আর ক্রমে রেলপথটিও চাপা পড়ে যায় মাটির তলায়। পরবর্তীকালে নতুন করে রেললাইন পাতা হয় এবং তা সংযুক্ত করা হয় শিয়ালদহ স্টেশনের সঙ্গে। কিন্তু পুরনো লাইনটি থেকে যায় অগোচরে। ইতিহাসের পাতায় এই ঘটনার ইঙ্গিত আছে।  বর্তমান স্টেশনের পাশে যে লাইনটি এখন রয়েছে সেখানে কেন্দ্রীয় প্রকল্পের কাজ চলছে। সেই কাজ করতে গিয়েই কর্মীরা মাটি খোঁড়ার সময় একটি জায়গায় কয়েক স্তর মাটি সরানোর পর জং ধরা রেললাইনটি দেখতে পান। সেটি কতদূর পর্যন্ত গিয়েছে এখন তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। উঠেছে লাইন সংরক্ষণের দাবিও।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ