Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

খারাপ ইঙ্গিত করায় কাটোয়া কোর্ট চত্বরে যুবককে জুতোপেটা বধূর

কাটোয়া আদালত চত্বরে যুবককে উত্ত্যক্ত করার প্রতিবাদে বধূর হাতে জুতোপেটার ঘটনা। পুলিশ তদন্ত শুরু করেছে। বিস্তারিত পড়ুন।

খারাপ ইঙ্গিত করায় কাটোয়া কোর্ট চত্বরে যুবককে জুতোপেটা বধূর
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: বধূকে আদালত চত্বরেই উত্ত্যক্ত করতে থাকে এক যুবক। কিছুক্ষণ চুপচাপ সহ্য করেন বধূ। অভব্যতা বাড়তে থাকায় বধূ প্রতিবাদ করেন। অভিযোগ, ওই যুবক থেমে না গিয়ে গালাগালাজ শুরু করে। তাতেই যুবককে ভরা আদালত চত্বরে জামার কলার ধরে হিড় হিড় করে টেনে এনে জুতোপেটা করেন ওই বধূ। শুক্রবার দুপুরে কাটোয়া আদালত চত্বরের এই ঘটনায় শোরগোল পড়ে যায়। শেষে কাটোয়া থানার পুলিশ এসে ওই যুবকেকে আটক করে থানায় নিয়ে যায়।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটোয়া গাঁফুলিয়া গ্রাম থেকে মহকুমা আদালতে এসেছিলেন ওই বধূ। মামলা সংক্রান্ত কাজে তিনি তাঁর মাকে সঙ্গে করে নিয়ে আসেন। তিনি আদালত চত্বরে চুপ করে দাঁড়িয়ে ছিলেন। অভিযোগ, এমন সময় কাটোয়ার লোহাপোতা গ্রামের ওই যুবক বধূকে উত্ত্যক্ত করতে থাকে। খারাপ ইঙ্গিত করে। বধূ নিষেধ করেন। কিন্তু অভিযুক্ত যুবক না থামায় বধূ তাঁর স্বামীকে ফোন করে ডাকেন। তারপর দু’জন ইভটিজারকে আদালত চত্বরেই ধরে ফেলে। এরপর রণং দেহি মূর্তি ধরেন বধূ। তিনি জামার কলার ধরে অভিযুক্তকে টানতে টানতে আদালত চত্বর থেকে বের করে আনেন। তারপর তিনি প্রকাশ্যে পায়ের জুতো খুলে যুবককে পেটাতে থাকেন। জুতোপেটা করতে করতে তিনি বলতে থাকেন, মেয়েদের আর অসম্মান করবি? তোকে উচিত শিক্ষা দিলাম। 
ওই মহিলা বলেন, আমাকে বেশ কিছুক্ষণ ধরে ওই ছেলেটি উত্ত্যক্ত করছিল। বারণ করায় গালিগালাজ করে। তারপরেই আমি ওকে জুতো খুলে পিটিয়েছি। আর যেন কারোর সঙ্গে এই আরচণ করার সাহস না পায়, তারজন্যই ওকে মেরেছি। কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বধূ।
যদিও পুলিশের কাছে যুবকের সাফাই, আমার চোখের সমস্যা আছে। তাই ওই মহিলা আমাকে খারাপ ভেবেছে। আমি খারাপ ইঙ্গিত করিনি। কাটোয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।  অভিযুক্তকে জুতোপেটা মহিলার। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ