ভোপাল: ৪৫ বছর বয়স। পেশায় পার্শ্ব শিক্ষক। ১৮ একর জমি-জায়গা রয়েছে। কিন্তু দেখাশোনা করার মতো কেউ নেই। অনেক চেষ্টা করেছেন। কিন্তু কপালে একটা কনে জোটেনি। গতমাসে গুরু অনিরুদ্ধাচার্য মহারাজের ধর্মীয় সভায় হতাশার সুরে এই কথাগুলোই বলছিলেন মধ্যপ্রদেশের জব্বলপুরের ইন্দ্রকুমার তিওয়ারি। মুহূর্তে ভাইরাল হয়েছিল সেই ভিডিও। বিষয়টি নিয়ে খুব হাসি ঠাট্টাও করেছিলেন অনেকে। গুরুজির কাছে কনের আর্জি জানানোর সেই মজার ভিডিওই প্রাণ কাড়ল ব্যক্তির। সম্প্রতি ভিডিওটি দেখে প্রতারণার ফাঁদ পাতে দুষ্কৃতীরা। প্রথমে ভুয়ো পরিচয় দিয়ে তাঁকে উত্তরপ্রদেশে ডেকে নিয়ে গিয়ে বিয়ে করে এক যুবতী। পরে সুযোগ বুঝে তাঁকে খুন করে গয়না ও টাকা নিয়ে চম্পট দেয় যুবতী ও তার সঙ্গীরা। ইতিমধ্যেই অভিযুক্ত সাহিবা বানোকে গ্রেপ্তার করেছে পুলিস। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।



