নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত ছন্দে বাংলা। প্রিলিমিনারি কোয়ার্টার ফাইনালে চণ্ডীগড়ের বাধা টপকেছে লক্ষ্মীরতন শুক্লার দল। বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে শেষ আটের লড়াইয়ে বঙ্গ-ব্রিগেডের প্রতিপক্ষ ক্রুনাল পান্ডিয়ার বরোদা। এই লড়াইয়ে নজর থাকবে মহম্মদ সামির দিকে। চোট সারিয়ে প্রত্যাবর্তনের পর ৯টি ঘরোয়া ম্যাচ খেলে ফেললেন তিনি। এই পর্বে ৬৪ ওভার হাত ঘুরিয়ে তাঁর সংগ্রহ ১৬টি উইকেট। গত ম্যাচে চণ্ডীগড়ের বিরুদ্ধে বাংলার জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। ব্যাট হাতে দশ নম্বরে নেমে ১৭ বলে মূল্যবান ৩২ রান যোগ করেন। এছাড়া তিন ওভারে মাত্র ১৩ রান দিয়ে একটি উইকেটও পান। তারকা পেসারের ফিটনেসে নির্বাচকরা সন্তুষ্ট হলে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে সামিকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে।
Advertisement
সামি ছাড়া গত ম্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছেন সায়ন ঘোষ। ব্যাটিংয়ে ছন্দে আছেন সুদীপ ঘরামি, অভিষেক পোড়েলরাও। তবে বরোদার বিরুদ্ধে বাংলার লড়াইটা সহজ হবে না। এই আসরে ক্রুণালরাও দুর্দান্ত ছন্দে। সম্প্রতি সিকিমের বিরুদ্ধে ৫ উইকেটে ৩৪৯ রান তুলেছিলেন তাঁরা, যা টি-২০ ক্রিকেটের সর্বাধিক স্কোর। অন্য ম্যাচগুলিতে মুখোমুখি মধ্য প্রদেশ-সৌরাষ্ট্র, মুম্বই-বিদর্ভ, দিল্লি-উত্তর প্রদেশ।



