নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজয় হাজারে ট্রফিতে শনিবার বরোদার বিরুদ্ধে নামছে বাংলা। কয়েকদিন আগে ক্রুণাল পান্ডিয়াদের কাছে হেরেই সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল লক্ষ্মীরতন শুক্লার দল। তার বদলা নিতে তৈরি বঙ্গ-ব্রিগেড। যদিও কাজটা সহজ হবে না। কারণ, বিজয় হাজারে ট্রফিতে প্রথম দু’টি ম্যাচ জিতে গ্রুপ ই’তে শীর্ষে রয়েছে বরোদা। ব্যাটিংয়ে নিনাদ রাথভা, পার্থ কোহলি, ক্রুণালরা ফর্মে রয়েছেন। বল হাতে নিয়মিত উইকেট পাচ্ছেন আকাশ সিং। তবে বাংলাও দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। ব্যাট হাতে অভিষেক পোড়েল, সুদীপ চ্যাটার্জিরা ছন্দে আছেন। বোলিংয়ে বড় ভরসা মুকেশ কুমার। পাশাপাশি শনিবার দলে একটি পরিবর্তন করতে চলেছে বাংলা। সক্ষম চৌধুরির জায়গায় খেলবেন সুরজ সিন্ধু জয়সওয়াল।



