ক্লিভল্যান্ড: আসন্ন বিশ্বকাপে অনেকে তাঁকে ব্রাজিলের তুরুপের তাস ভাবছেন। প্রত্যাশাটা যে অমূলক নয়, রবিবারের প্রস্তুতি ম্যাচে তার প্রমাণ রাখলেন এনড্রিক। মিশরের বিরুদ্ধে সেলেকাও ব্রিগেডের ২-১ জয়ের নায়ক এই তরুণ তুর্কি। বদলি হিসেবে নেমে দলকে এনে দিলেন জয়সূচক গোল। স্বভাবতই ১৯ বছরের স্ট্রাইকারকে নিয়ে উচ্ছ্বসিত কোচ কার্লো আনসেলোত্তি।
বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ার আগে শেষ তিনটি ম্যাচ জিতে স্বপ্ন দেখাচ্ছে সাম্বার দেশ। রবিবার ম্যাচের সপ্তম মিনিটেই লিড নেয় ব্রাজিল। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে লক্ষ্যভেদ ব্রুনোর (১-০)। যদিও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১১ মিনিটে মিশরকে সমতায় ফেরান মোস্তাফা জিকো (১-১)। দ্বিতীয়ার্ধের শুরুতে ইগরকে তুলে এনড্রিককে মাঠে নামান আনসেলোত্তি। তাতে সেলেকাওদের আক্রমণ আরও ধারালো হয়। ৫২ মিনিটে জয়সূচক গোল করে কোচের আস্থার মর্যাদা রাখেন তরুণ স্ট্রাইকার। রাফিনহার ডিফেন্স চেরা পাস বক্সে ধরে জোরালো শটে জাল কাঁপান এনড্রিক (২-১)। বাকি সময়ে আর স্কোরলাইনের পরিবর্তন হয়নি। উল্লেখ্য, চোটের জন্য এই ম্যাচে খেলেননি নেইমার। উলটে এদিন ১৭ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ওয়েসলি ফ্রাঙ্কা।
এদিকে, লিসবনে শনিবার চিলির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। পর্তুগাল ২-১ জয় পেলেও সিআরসেভেন সেভাবে নজর কাড়তে পারেননি। আরও তাৎপর্যের হল, রবার্তো মার্তিনেজের দলের দু’টি গোলই এসেছে রোনাল্ডো মাঠ ছাড়ার পর। তাঁর পরিবর্ত হিসেবে নামা গনসালো গুয়েদেস ৫৮ মিনিটে এগিয়ে দেন পর্তুগালকে। এরপর ৭৫ মিনিটে দলের জয় নিশ্চিত করেন ব্রুনো ফার্নান্ডেজ। শেষ দিকে চিলির হয়ে এক গোল শোধ দেন লুকাস। উল্লেখ্য, প্রস্তুতি ম্যাচেও মাঠে উত্তেজনা ছিল তুঙ্গে। প্রথমার্ধের সংযোজিত সময়ে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন পর্তুগালের রাফায়েল লিও এবং চিলির ডিফেন্ডার আইভান রোমান।