শিবাজী চক্রবর্তী, কলকাতা: বেঙ্গালুরু থেকে বেলাড়ি প্রায় ৫ ঘণ্টার রাস্তা। এখানেই প্রি সিজন করছে বেঙ্গালুরু এফসি। হার্ড ট্রেনিংয়ের মধ্যেও গুরপ্রীতদের চোখ চকচকে। আগামী ৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ব্লু টাইগার্স। ভেবেই রোমাঞ্চিত গুরপ্রীত সিং সান্ধু। মুঠোফোনে অন্যতম সিনিয়র গোলকিপারের মন্তব্য, ‘দারুণ রোমাঞ্চিত। ফুটবলারের কেরিয়ারে এমন মুহূর্ত কমই আসে। কলকাতার ফুটবলপ্রেমীদের নিশ্চয়ই তর সইছে না।’
সেপ্টেম্বরে এশিয়া সফরে আসছে সাম্বার দেশ। ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি প্রীতি ম্যাচ রয়েছে সেলেকাওদের। স্যার ডনের দেশ থেকে সরাসরি ভারতে আসবে ব্রাজিল। ফুটবলের মক্কা তারই অপেক্ষায়। গুরপ্রীত বললেন, ‘এমন সুযোগ বারবার আসে না। নিজেদের উজাড় করে দিতে হবে। এই ম্যাচ ভারতীয় ফুটবলে জোয়ার আনতে পারে।’ একটু থেকে তাঁর সংযোজন, ‘দেখুন, গত কয়েক বছর অনিশ্চয়তার মধ্যে দিয়ে যেতে হয়েছে দেশের ফুটবলকে। সেই নিরিখে ব্রাজিলের বিরুদ্ধে খেলা নিঃসন্দেহে সিলভার লাইন। সুযোগ এনে দেওয়ার জন্য ফেডারেশকে ধন্যবাদ জানাতে চাই।’ ফুটবলের মক্কায় ভরা যুবভারতীতে নামার প্রতীক্ষা শুরু দীর্ঘদেহী গোলরক্ষকের।
কোন দল নিয়ে কলকাতায় আসছে ব্রাজিল? তা নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতূহল তুঙ্গে। ইতিমধ্যেই টিকিট নিয়ে খোঁজখবর শুরু অনুরাগীদের। নেইমার জুনিয়র অবসর নিয়েছেন। কিন্তু ভিনিসিয়াস, রাফিনহা, এনড্রিকরা তো রয়েইছেন। মাথার উপর কোচ কার্লো আনসেলোত্তি। সবচেয়ে বড় কথা, হলুদ জার্সির বুকে পাঁচ তারার সমারোহ। সাম্বা ব্রিগেডকে নিয়েই এমনিতেই মুঠো মুঠো আবেগ ছড়িয়ে কলকাতায়। গুরপ্রীত হেসে বললেন, ‘কলকাতার পালস আমার অজানা নয়। ব্রাজিলের প্রচুর সমর্থক রয়েছেন। আশা করি দারুণ জমবে ম্যাচটা।’ তার আগে প্রস্তুতির জন্য বেশ সময় পাচ্ছে ভারতীয় দল। ব্রাজিল ম্যাচের পর আইএসএল শুরুর পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। তা নিয়ে পাঞ্জাবি গোলরক্ষকের মন্তব্য, ‘নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগতে হবে। প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করবে গোটা দল। এটুকু বলতে পারি।’