সিডনি: চোট সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাফিনহার। গত মরশুমে হ্যামস্ট্রিংয়ের চোটের জেরে দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছিল তাঁকে। এমনকি, একই কারণে বিশ্বকাপের নক-আউটে খেলা হয়নি তাঁর। এবার দেশের জার্সিতে ফের একবার চোটের কবলে পড়লেন এই তারকা উইঙ্গার। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে পেশিতে টান ধরে রাফিনহার। ঝুঁকি না নিয়ে দ্বিতীয়ার্ধেই তাঁকে তুলে নেন কোচ আনসেলোত্তি। মেডিকেল টেস্টে জানা যায়, চোট তেমন গুরুতর নয়। তবে তারকা উইঙ্গারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেন ব্রাজিল কোচ আনসেলোত্তি। তাই বুধবার অস্ট্রেলিয়া থেকে বার্সেলোনায় ফিরে গিয়েছেন তিনি। ফলে আগামী ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে তাঁকে ছাড়াই দল সাজাতে হবে ব্রাজিলকে। উল্লেখ্য, চলতি মরশুমে ক্লাব ফুটবলে দুরন্ত ছন্দে রয়েছেন এই বার্সা তারকা। প্রতি ম্যাচেই স্কোরশিটে নাম তুলেছেন। তাই তাঁকে দেখতে আশায় বুক বেঁধেছিলেন কলকাতার ফুটবলপ্রেমীরা। তবে সেই আশা পূরণ হচ্ছে না।



