Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

ব্রাজিল ম্যাচের ভুল শুধরে আজ নতুন উদ্যমে ঝাঁপাতে প্রস্তুত ভারত, প্রতিপক্ষ উরুগুয়ে

ব্রাজিল শহর ছাড়তেই গোটা যুবভারতী চত্বরে বিসর্জনের আবহ। ভারত বনাম উরুগুয়ে ম্যাচ ঘিরে কারও মাথাব্যথা নেই। নেই টিকিটের চাহিদাও।

ব্রাজিল ম্যাচের ভুল শুধরে আজ নতুন উদ্যমে ঝাঁপাতে প্রস্তুত ভারত, প্রতিপক্ষ উরুগুয়ে
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সঞ্জয় সরকার, কলকাতা: ব্রাজিল শহর ছাড়তেই গোটা যুবভারতী চত্বরে বিসর্জনের আবহ। ভারত বনাম উরুগুয়ে ম্যাচ ঘিরে কারও মাথাব্যথা নেই। নেই টিকিটের চাহিদাও। অবস্থা এতটাই শোচনীয় যে টিকিটের মূল্য কমাতে একপ্রকার বাধ্য হয়েছেন ফেডারেশন কর্তারা। তবে এই সিদ্ধান্তেও লাভের লাভ কিছু হবে না। বরং সোমবার রাজারহাট সেন্টার অব এক্সেলেন্সে ভারতীয় দলের অনুশীলনে হাজির গোটা কয়েক অনুরাগীদের মধ্যে অনেক বেশি আগ্রহ ছিল শিল্ডে ইস্ট বেঙ্গল বনাম নর্থ ইস্ট ম্যাচের স্কোর নিয়ে। 

Advertisement

মঙ্গলবার দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে নামছে খালিদ জামিলের ছেলেরা। ব্রাজিলের বিরুদ্ধে সীমিত শক্তি নিয়ে লড়াইয়ের চেষ্টা করেছিলেন আনোয়ার-মনবীররা। কোচ খালিদ অবশ্য সেই হার থেকে শিক্ষা নিয়ে মঙ্গলবার নতুন উদ্যমে ঝাঁপাতে চাইছেন। তাঁর একটাই লক্ষ্য, ভারতীয় ফুটবলের মক্কায় সেরা পারফরম্যান্স মেলে ধরা। 
ব্রাজিলের থেকে কৌলিন্যের নিরিখে অনেকটাই পিছিয়ে উরুগুয়ে। কাভানি-সুয়ারেজদের উত্তরসূরিরা এখনও সেভাবে নিজেদের জার্সির প্রতি সুবিচার করতে পারেননি। সদ্যসমাপ্ত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা। তবে দেশের ফুটবলের অন্যতম সেরা তারকা ডিয়েগো ফোরলানের হাত ধরে ফের বিশ্ব আঙিনায় পাখা মেলতে বদ্ধপরিকর দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভারতে পা রাখার আগে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জয় নুনেজ-আরাহুদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তা সত্ত্বেও ভারতীয় দলকে মোটেই হালকা ভাবে নিচ্ছে না ‘লা সেলেস্তে’ ব্রিগেড। ফোরলানের কথায়, ‘ভারতীয় দলে একাধিক দক্ষ ফুটবলার রয়েছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’
ভারতীয় ফুটবল সংস্কৃতি ফোরলানের কাছে নতুন নয়। ২০১৬ সালে আইএসএলে মুম্বই সিটি এফসি’র হয়ে খেলে গিয়েছেন তিনি। তবে এবার পুরোপুরি নতুন ভূমিকায় তিনি। এই প্রসঙ্গে ফোরলানের সংযোজন, ‘ফুটবল জীবনে শুধুই নিজের খেলায় মনঃসংযোগ করতাম। এখন গোটা স্কোয়াডের কথা ভাবতে হয়। এই বিষয়ে স্যার অ্যালেক্স ফার্গুসনকে অনুসরণ করার চেষ্টা করি। ম্যান ইউয়ে থাকাকালীন দেখেছিলাম, তিনি কীভাবে দলকে পরিচালনা করতেন।’
ভারতীয় কোচ খালিদ অবশ্য নিজের চেনা রক্ষণাত্মক মানসিকতা থেকে বেরিয়ে উরুগুয়ের বিরুদ্ধেও অ্যাটাকিং ফুটবলে জোর দিচ্ছেন। যা আভাস তাতে মঙ্গলবার গোলের নীচে শুরু করবেন প্রভসুখন গিল। তবে একইসঙ্গে গুরপ্রীতকেও আগলে রাখছেন তিনি। খালিদ জানান, ‘গত ম্যাচে মনঃসংযোগের অভাবে আমাদের ভুগতে হয়েছিল। সেটা দ্রুত কাটিয়ে উঠতে হবে। একই ভুল করলে চলবে না। ব্রাজিল ম্যাচ এখন অতীত। মনে রাখতে হবে, সামনে আরও এক বিশ্বচ্যাম্পিয়ন। তাই সেরাটা মেলে ধরতেই হবে।’
ব্রাজিলের বিরুদ্ধে গুরপ্রীতের জোড়া ভুলের পর অনেকেই বিশাল কাইথের জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। এই প্রসঙ্গে ভারতীয় কোচের জবাব, ‘চোটের কারণে এই তিনটি ম্যাচে বিশালের জায়গা হয়নি। তবে শিল্ডে ওর খেলা দেখেছি। আগামী দিনে সে নিশ্চয়ই সুযোগ পাবে।’
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার সোনি স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ