Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হাত মেলানো নিয়ে রহস্য রাখল দু’দলই, রবিবারের দ্বৈরথে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

সেপ্টেম্বরে এশিয়া কাপে মোট তিনবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। কিন্তু দু’দলের ক্রিকেটাররা হাত মেলাননি। কলম্বোতেও কি একই দৃশ্য দেখা যাবে?

হাত মেলানো নিয়ে রহস্য রাখল দু’দলই, রবিবারের দ্বৈরথে চোখ রাঙাচ্ছে বৃষ্টি
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: সেপ্টেম্বরে এশিয়া কাপে মোট তিনবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। কিন্তু দু’দলের ক্রিকেটাররা হাত মেলাননি। কলম্বোতেও কি একই দৃশ্য দেখা যাবে? ক্রিকেট মহলে রীতিমতো চর্চা চলছে এই বিষয়ে। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব অবশ্য অপেক্ষা করতে বলছেন সবাইকে। শনিবার ‘স্কাই’ বলেছেন, ‘২৪ ঘণ্টা অপেক্ষা করুন। হাত মেলানোর ব্যাপারে এত ফোকাস করছেন কেন? আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। হাত মেলানো নিয়ে রবিবার সিদ্ধান্ত নেব।’

Advertisement

অনেকটা একই সুর পাক অধিনায়ক সলমন আগারও। তিনি বলেছেন, ‘হাত মেলানো নিয়ে সিদ্ধান্তটা ম্যাচের দিনই নেব। তবে ক্রিকেটীয় স্পিরিটে যেন খেলাটা হয়। আমার ব্যক্তিগত মতামত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। আসল হল ক্রিকেট যেভাবে খেলা হয়ে এসেছে, সেভাবেই হওয়া উচিত। ওরাই ঠিক করুক কী করবে।’ এই মহারণ উপলক্ষে কলম্বোয় উপস্থিত থাকবেন আইসিসি’র চেয়ারম্যান জয় শাহ ও পিসিবি প্রধান মহসিন নাকভি। বিসিসিআই প্রেসিডেন্ট মিঠুন মানহাস, সচিব দেবজিৎ সাইকিয়া, ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লারও থাকার কথা।
অভিষেক শর্মাকে নিয়ে যাবতীয় অনিশ্চয়তা অবশ্য কেটেছে। এদিন নেটে দীর্ঘ সময় ধরে ব্যাট করেন তিনি। বাঁ-হাতি ওপেনারের খেলার সম্ভাবনা নিয়ে পাক ক্যাপ্টেন সলমন বলেন, ‘আশা করি, অভিষেক খেলবে। মনে হয় ও সুস্থ হয়ে উঠেছে। আমরা সেরাদের বিরুদ্ধেই খেলতে চাই।’ এর উত্তরে সূর্য মজার সুরে বলেন, ‘পাক ক্যাপ্টেন যখন চাইছেন, অভিষেককে অবশ্যই খেলাব আমরা।’
পাকিস্তানের অদ্ভুত অ্যাকশনের স্পিনার উসমান তারিককে নিয়ে প্রশ্নেরও বুদ্ধিদীপ্ত উত্তর দিয়েছেন সূর্য। তাঁর কথায়, ‘পরীক্ষায় সিলেবাসের বাইরের প্রশ্ন এলে সেটাকে তো আর ছেড়ে দিয়ে আসা যায় না। তার উত্তর দেওয়ার চেষ্টা করতে হয়। তারিকের বিরুদ্ধেও সেটাই করব। তাছাড়া অস্বাভাবিক অ্যাকশনের বোলারের বিরুদ্ধে আমরা প্র্যাকটিসও করেছি।’ এমনকী, নেটে সূর্যকে দেখা গেল তারিকের মতো ভঙ্গি করে হাত ঘোরাতে। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে। 
এই ম্যাচে যে বাড়তি চাপ থাকবে, তা অবশ্য মেনে নিয়েছেন তিনি। সূর্যর মন্তব্য, ‘এটা অস্বীকারের কোনও জায়গাই নেই যে চাপ থাকবে। তার উপর চলতি আসরে প্রথম ম্যাচে জিতলেও আমাদের শুরুটা নড়বড়েভাবে হয়েছে। পিচও এই ঘরানার জন্য আদর্শ ছিল না। তবে আমরা পরের ম্যাচেই দাপট দেখিয়েছি। আর ভারত-পাক ম্যাচে তো টেনশন থাকবেই। সেটা না থাকলে ক্রিকেট খেলার মজা কোথায়?’ বৃষ্টির আশঙ্কা অবশ্য থাকছেই। শনিবার যেমন ভারতের প্র্যাকটিস বৃষ্টিতে মাঝপথেই বন্ধ হয়ে গেল। রবিবারও প্রকৃতি বাদ সাধতে পারে। সেক্ষেত্রে টস গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

সম্পর্কিত সংবাদ