নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সীমান্ত সুরক্ষার কাজে অগ্রগতি নিয়ে নয়া সরকারকে দরাজ সার্টিফিকেট দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার কলকাতা এবং শহরতলিতে একাধিক অনুষ্ঠান ছিল প্রতিরক্ষা মন্ত্রীর। রাজ্যের প্রশাসনিক তৎপরতার দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি জানান, সীমান্ত সুরক্ষার জন্য মাত্র ১০৬ দিনের মধ্যে বর্তমান সরকার ১১০০ একর জমি বরাদ্দ করেছে বিএসএফকে।
প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী জানান, উন্নত ভারত গড়তে দেশীয় কোম্পানিগুলির আধিপত্য দরকার। অপারেশন সিন্দুরের সময় বিশ্ব ভারতের দেশীয় অস্ত্র ব্যবস্থার ক্ষমতা দেখেছে। আত্মনির্ভরতা আমাদের কেবল পলিসি নয়, এটি ব্যাটলফিল্ড ক্ষমতার একটি মাল্টিপ্লায়ার। এদিকে, ইছাপুরেও তৈরি হবে ৫০০ ও ১০০০ কেজির এরিয়াল বোমার বডি। এছাড়াও, বড়ো কামান, ভারী যুদ্ধাস্ত্র ও আধুনিক অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির ক্ষমতাও বাড়ছে মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরির। ৭৫১ কোটি টাকারও বেশি খরচে তৈরি হচ্ছে দুটি নতুন পরিকাঠামো। কলকাতার এক অনুষ্ঠান থেকেই প্রকল্প দুটির ভার্চুয়াল উদ্বোধন করেন রাজনাথ সিং। ৪৭৩.৮৪ কোটি টাকায় তৈরি হচ্ছে নতুন ফোরজিং প্লান্ট। ২৭৭.৫৯ কোটিতে পুরানো ২৬৫০ টনের প্রেসের বদলে বসছে ৩০০০ টনের প্রেস। -নিজস্ব চিত্র