Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নেটে চেনা ছন্দে বোলিং বুমবুমের

যশপ্রীত বুমরাহ কি সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবেন? ক্রিকেট মহলে চর্চা জোরদার। চার ম্যাচের তিনটিতে পরাজিত মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে খেলানোর জন্য মরিয়া।

নেটে চেনা ছন্দে বোলিং বুমবুমের
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: যশপ্রীত বুমরাহ কি সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবেন? ক্রিকেট মহলে চর্চা জোরদার। চার ম্যাচের তিনটিতে পরাজিত মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে খেলানোর জন্য মরিয়া। প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে বলেছেন, ‘বুমরাহ খেলার মতো অবস্থায় রয়েছে। শনিবার রাতে যোগ দিয়েছে দলের সঙ্গে। রবিবার অনুশীলনও করেছে। তার আগে সেন্টার অব এক্সিলেন্সে ফিটনেস টেস্টে সফল হয়েছে। এখন দলের ফিজিওদের তত্ত্বাবধানে ও রয়েছে। নেটে বোলিং করার সময় কোনও অসুবিধা হয়নি। ঠিকই আছে সবকিছু।’

Advertisement

শোনা যাচ্ছিল, আরসিবি ম্যাচে নামানো হবে না বুমরাহকে। মুম্বই শিবিরে যোগ দেওয়ার পর অন্তত দুটো অনুশীলনে ম্যাচ-পরিস্থিতিতে বল করানো হবে তাঁকে। তারপর প্রথম এগারোয় আসবেন তিনি। কিন্তু কোণঠাসা মুম্বই এখন বুমরাহকে নামিয়ে বাঁচতে চাইছে। জয়বর্ধনে অবশ্য বলেছেন, ‘দীর্ঘদিন পর ম্যাচে ফিরতে চলেছে বুমবুম। আমরা তাই ওর থেকে বেশিকিছু প্রত্যাশা করছি না। ওকে শিবিরে পাওয়াই বড় ব্যাপার। বুমরাহর অভিজ্ঞতার মূল্য অনেক। তরুণ বোলারকে ও যে পরামর্শ দেবে, তা অমূল্য।’ 
পাঁচবারের আইপিএল জয়ীদের পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে বুমরাহকে দারুণ আন্তরিকতার সঙ্গে বরণ করা হয় দলে। ব্যাটিং কোচ কিয়েরন পোলার্ড তাঁকে কোলে তুলে নেন। তবে সোমবার বিরাট কোহলি, ফিল সল্টের বিরুদ্ধে বুমরাহ বল হাতে আগুন ঝরাবেন কিনা, তা স্পষ্ট নয়। কেউ কেউ মনে করছেন, ১৭ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চলতি আইপিএলে প্রথমবার নামবেন তিনি। এমনিতেই বুমরাহ চোটপ্রবণ। তড়িঘড়ি মাঠে নামালে ফের চোট পাওয়ার আশঙ্কা থাকছেই। সেক্ষেত্রে ক্ষতি ভারতীয় ক্রিকেটেরই।

Advertisement
সম্পর্কিত সংবাদ